ঢাবি সাংবাদিক সমিতির ৩৪তম প্রতিষ্ঠাবাষির্কী পালিত

‘তথ্যে তারুণ্যে নিত্য সত্যে’ এ স্লোগানকে ধারণ করে গতকাল বৃহস্পতিবার পালিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী।

সকাল ১০টায় সমিতির কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

পরে টিএসসি প্রাঙ্গনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রায়হানুল ইসলাম আবির, সাধারণ সম্পাদক মাহদী-আল- মুহতাসিম নিবিড়, টিএসসির কর্মকতাবৃন্দ ও সমিতির সদস্যবৃন্দ।

৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অভিনন্দন জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়েরই ওয়াচডগ নয়। এটি সমগ্র জাতির জন্য কাজ করছে। যদিও সারা দেশে এরকম অনেক পেশাজীবী সংগঠন রয়েছে। কিন্তু ডুজার একটি স্বতন্ত্র মাত্রা আছে। কারণ এর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় নামটি জড়িত। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই জাতীয় ও অন্যান্য ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সাংবাদিকদের বস্তুনিষ্ঠতার বিষয়টি উল্লেখ করে উপাচার্য বলেন, সাংবাদিকরা শুধুমাত্র একটি বিষয়কে তুলে ধরে না, বরং এর একটি সিভিলাইজিং ইনফ্লুয়েন্স বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর প্রভাব বিস্তার করে। সাংবাদিক সমিতির ভূমিকা যেন বিশ্ববিদ্যালয়ের জন্য, সমগ্র জাতির জন্য সিভিলাইজিং ইনফ্লুয়েন্স বহন করে। সিভিলাইজিং ইনফ্লুয়েন্স হলো এরকম যে, আমরা কোনো একটি বিষয় সরাসরি রিজেক্ট না করে, সেটি খতিয়ে দেখব এবং সেই নিরিখে উন্নয়নের দিকে অগ্রসর হবো, তাহলেই একটি সমাজ এগিয়ে যাবে।

সমিতির সভাপতি রায়হানুল ইসলাম আবির বলেন, সাংবাদিক সমিতি প্রতিষ্ঠার আজ ৩৪ বছরে দাঁড়িয়ে। ডুজা বিশ্ববিদ্যালয়ের জন্য সবসময় প্রকৃত ওয়াচডগের ভূমিকা পালন করে আসছে। পূর্ববর্তীদের বস্তুনিষ্ঠতা ও সততার ধারাবাহিকতা বজায় রেখে এ সমিতি আগামীতেও তার সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে।

সাধারণ সম্পাদক মাহদী আল মুহতাসিম নিবিড় বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু উজ্জীবিত তরুণদের হাত ধরেই ১৯৮৫ সালের এই দিনে যাত্রা শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। তারুণ্যের উদ্দীপনায় সদা জাগ্রত থেকে সত্য ও ন্যায়ের পক্ষে এগিয়ে চলুক তরুণ কলম সৈনিকদের আবেগ ও ভালোবাসার সাংবাদিক সমিতি।

পরবর্তীতে বাংলাদেশ ছাত্রলীগের নেতৃবৃন্দ সাংবাদিক সমিতিতে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বাংলাদেশ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল-নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন এবং ডাকসুর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.