নিজস্ব প্রতিবেদক।।
গাজীপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত অধ্যাপক সাইদা খালেকের (মোছা. সাইদা গাফফার) মরদেহ উদ্ধার করা হয়েছে। দুদিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে গাজীপুরের পানিশাইল এলাকায় তার ভাড়া বাসার অদূরে এ মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় আনারুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খোদা বলেন, সকাল সাড়ে ১০টার দিকে সাঈদা খালেকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি কাশিমপুরের পানিশাইলের যে বাসায় ভাড়া থেকে নিজের প্রজেক্ট দেখাশোনা করছিলেন, সেখান থেকে আনুমানিক ২০০ গজ দূরে মরদেহটি পাওয়া গেছে।
এ ঘটনায় একজনকে গ্রেফতারের কথা জানিয়ে ওসি বলেন, গ্রেফতার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, ওই নারীকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন বলে বিস্তারিত জানা যাবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, অবসরপ্রাপ্ত অধ্যাপক সাইদা খালেককে পূর্ব শত্রুতার জের ধরে হত্যা করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনার দায় স্বীকার করে।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভূইয়া বলেন, তিনি একটি ভাড়া বাসায় থাকতেন। সেখানে নতুন বাড়ি নির্মাণের কাজ চলছিল। শ্রমিকরা বাড়ি নির্মাণের জন্য কিছু দাবি করছিল তার কাছে। তাদের সঙ্গে হয়তো সাইদা খালেকের মনোমানিল্য হয়েছিল। দুদিন আগে তিনি নিখোঁজ হন। আজ সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। সন্দেহজনক ব্যক্তিকে গ্রেফতার করা হলে তিনি হত্যার দায় স্বীকার করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
