এইমাত্র পাওয়া

টিকা নিতে গিয়ে কুমিল্লায় অসুস্থ ৫০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক।।

টিকা নিতে এসে প্রচণ্ড ভিড়ের মধ্যে পড়ে কুমিল্লায় ৫০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক ও অভিভাবকরা।

মঙ্গলবার সকাল ৮টা থেকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে ওই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। তাদের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে চিকিৎসা দেওয়া হয়। অনেক অভিভাবক আবার টিকা না দিয়েও কেন্দ্র থেকে তাদের সন্তানদের ফিরিয়ে নিয়ে যান।

সরকারের ঘোষণা অনুসারে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার জেলার সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের সাড়ে তিন হাজার ছাত্রছাত্রীকে টিকাদানের ব্যবস্থা করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কার্যালয় কর্তৃপক্ষ এ উদ্যোগ নেয়। কিন্তু নির্ধারিত সংখ্যা থেকে শিক্ষার্থীদের উপস্থিতি বেশি হওয়ায় আয়োজকদের হিমশিম খেতে হয়। এতে শিক্ষার্থীদেরও বিড়ম্বনায় পড়তে হয়।

একাধিক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, একদিনে এভাবে হাজার হাজার শিক্ষার্থীকে একসঙ্গে টিকা দেওয়া কোনোভাবেই ঠিক না। কারণ টিকাকেন্দ্রে কোনো শৃঙ্খলাই ছিল না। সকাল থেকে বিকাল পর্যন্ত আমাদের ছেলেমেয়েরা লাইনে দাঁড়িয়ে থেকে অসুস্থ হয়ে পড়েছে।

এ বিষয়ে সদর দক্ষিণ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজালাল জানান, ব্যবস্থাপনার তুলনায় শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা বেশি হওয়ায় বিলম্ব হয়েছে। সাড়ে তিন হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়ার কথা থাকলেও উপস্থিত হয়েছে পাঁচ হাজার ৫৩৮ জন। এদের সবাইকে টিকা দিতে হয়েছে। ফলে একটু সমস্যা হয়েছে। ভবিষ্যতে যথাযথ ব্যবস্থা নিয়ে শিক্ষার্থীদের টিকা প্রদান করা হবে।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুর রহমান জানান, শিক্ষার্থীদের টিকা প্রদানে উপজেলা স্বাস্থ্য বিভাগ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। আমরা সকাল থেকে বিকাল পর্যন্ত পাঁচ হাজার ৫৩৮ শিক্ষার্থীকে টিকা প্রদান করেছি। পাশাপাশি টিকা নেওয়ার আগে অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীদেরও চিকিৎসা দিয়েছি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.