নিউজ ডেস্ক।।
করোনাভাইরাস প্রতিরোধের টিকার দুটি ডোজ গ্রহণের সনদ ছাড়া ট্রেন ও বিমানে চলাচল করা যাবে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা যোগ দেন।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, বাণিজ্য মেলা, বইমেলা, রেস্তোরাঁ, শপিংমলে প্রবেশ এবং ট্রেন, বিমানে চলাচল করতে হলে দুই ডোজ টিকার গ্রহণের সনদ বাধ্যতামূলকভাবে দেখাতে হবে।
তিনি আরো বলেন, করোনা প্রতিরোধের টিকা গ্রহণ ছাড়া ১২ বছরের বেশি বয়সের শিক্ষার্থীদের স্কুলে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এরই মধ্যে মন্ত্রিপরিষদের এ সিদ্ধান্তটি শিক্ষা মন্ত্রণালয়কে জানানো হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে সামাজিক, রাজনৈতিক অনুষ্ঠানে মানুষের উপস্থিতি সীমিত করতে হবে। যেসব শিক্ষার্থীরা টিকা গ্রহণ করেনি তাদের স্কুলে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, করোনার সংক্রমণ বেড়ে গেলে গণপরিবহন নিয়ে সিদ্ধান্ত জানানো হবে। এছাড়া গণপরিবহনে ভাড়া না বাড়াতে বিআরটিএ-কে নির্দেশনা দেওয়া হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
