নিউজ ডেস্ক।।
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. শাহান আরা বেগমের তথ্য চেয়ে ৫৮ ব্যাংকসহ ৬৮ প্রতিষ্ঠানে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের প্রধান কার্যালয় থেকে এসব চিঠি পাঠানো হয়।
দুদকের তথ্যমতে, শাহান আরা বেগমের বিরুদ্ধে ভর্তিবাণিজ্য ও ফরম পূরণে অতিরিক্ত অর্থ গ্রহণসহ বিভিন্ন অনিয়মের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। অনুসন্ধানের দায়িত্বে আছেন দুদকের সহকারী পরিচালক মো. আতাউর রহমান। দুদকের তথ্যমতে, গত ২৯ আগস্ট শাহান আরা বেগমের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়। অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে গত ১৫ নভেম্বর তাকে জিজ্ঞাসাবাদ করে দুদক।
দুদকের টেবিলে থাকা অভিযোগ বলা হয়, অধ্যক্ষ শাহান আরা বেগম ম্যানেজিং কমিটির সদস্যদের যোগসাজশে শিক্ষার্থী ভর্তিতে অনৈতিকভাবে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। ২০১৯ সালে মতিঝিল শাখায় এসএসসি ফরম পূরণে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ গ্রহণের অভিযোগ আছে তার বিরুদ্ধে। এ ছাড়া অধ্যক্ষ শাহান আরা বেগম টেস্ট পরীক্ষায় যেসব শিক্ষার্থী অনুত্তীর্ণ হন, তাদের কাছ থেকে বিষয়প্রতি ২০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত গ্রহণ করে ফরম পূরণের সুযোগ দেন। এ ছাড়া আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মূল শাখা, বনশ্রী ও মুগদা শাখায় শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে অনৈতিকভাবে টাকা নেওয়ারও অভিযোগ আছে।
২০২০ সালের ২৫ নভেম্বর শিক্ষার্থীদের কাছ থেকে ‘বিশেষ ক্লাসের’ নামে বাধ্যতামূলক অর্থ আদায়ের অভিযোগ পেয়ে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বনশ্রী শাখায় অভিযান চালায় দুদকের একটি দল। অভিযানে অভিযোগের প্রাথমিক সত্যতা মেলে। ওই সময় অভিযোগের বিষয়ে প্রাথমিক তথ্য-উপাত্ত জব্দ করে দুদক। এর আগে ২০১৯ সালের মে মাসে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ভর্তি পরীক্ষার উত্তরপত্র ঘষামাজা করে নম্বর দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় অধ্যক্ষ শাহান আরা বেগমকে কারণ দর্শানোর নোটিশ দেয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
