নিজস্ব প্রতিবেদক।।
পাহাড়ের বুক চিরে আঁকাবাকা পিচঢালা পথ, সেই পথের বাঁকে বাঁকে আদিবাসীদের বাড়ি কখনো কখনো উঁকি দিয়ে উঠছে। পাহাড়ের টিলা থেকে হাতছানি দিয়ে ডাকছে সবুজে মোড়া প্রকৃতি ও নীল আকাশ।
পাহাড় ও মেঘের অপূর্ব মিলনের জন্যই বুঝি সাজেককে বলা হয় মেঘের রাজ্য। খাগড়াছড়ি শহর থেকে প্রায় ৬৭ কিলোমিটার দূরে দুর্গম পাহাড়ের চূড়ায় সাজেকের অবস্থান।
সাজেকে যেতে হলে খাগড়াছড়ির সদর থেকে চাঁন্দের গাড়ি (স্থানীয় পরিবহন) করে ঘণ্টা তিনেকের পথ। পাহাড়ি এ পথে ভ্রমণ পিপাসু পর্যটকদের স্বাগত জানাতে ছোট ছোট আদিবাসী শিশুদের হাত নাড়তে দেখা যায়। সেই সঙ্গে পাহাড়ে সবুজ অরণ্য যেনো তাদের সৌন্দর্য দিয়ে আকর্ষণ করে।
সোমবার (০৩ জানুয়ারি) সকাল ৮টা নাগাদ খাগড়াছড়ি শহর থেকে চাঁন্দের গাড়িতে ঘণ্টাখানেক যাওয়ার পরে দিঘানালায় পৌঁছালাম। এরপরে আমাদের অপেক্ষা বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে সাজেক যাওয়ার। পর্যটকদের নিরাপত্তার জন্য সেনাবাহিনীদের কার্যক্রম প্রশংসনীয়।
সকাল সাড়ে ১০টায় সাজেকের উদ্দেশে সেনাবাহিনীর টহল টিমের সঙ্গে পর্যটকদের শতাধিক চাঁন্দের গাড়ি ছুটে চলে পাহাড়ের বুক চিরে। বেলা ১২টা নাগাদ রুইলুই পাড়ায় পৌঁছায়। তারপর চোখের সামনে স্বপ্নের সাজেক। পাহাড়ের সর্বোচ্চ চুড়ায় রুইলুই পাড়ার অবস্থান। যেদিকে তাকানো যায় মেঘ আর পাহাড়ের মিলনমেলা। আর অদূরে আসাম রাজ্যের পাহাড়। এ যেনো প্রকৃতির এক অপার সৌন্দর্য।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
