নিজস্ব প্রতিবেদক।।
আপাতত লকডাউন দেওয়ার কথা সরকার চিন্তা করছে না জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, টিকা ছাড়া রেস্টুরেন্টে খাওয়া যাবে না। আগামী ১৫ দিনের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।
তিনি বলেন, এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নির্দেশনা জারি করা হবে।
সোমবার (৩ জানুয়ারি) সচিবালয়ে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, লকডাউনের পর্যায় পর্যন্ত যাতে না যেতে হয়, সেজন্যই এ বৈঠক। যা যা পদক্ষেপ নেওয়ার, সেগুলো নিই। এরপর দেখা যাক কী দাঁড়ায়।
তিনি বলেন, গণপরিবহনে যাত্রী চলাচলের ক্ষেত্রে নির্ধারিত আসনের চেয়ে কম যাত্রী পরিবহনের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।
এর আগে, সন্ধ্যা ৬টা ২০ মিনিটে এ বৈঠক শুরু হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রধান অতিথি হিসেবে বৈঠকে উপস্থিত ছিলেন। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. লোকমান হোসেন মিয়া, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন, তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহেনুর মিয়া।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
