এইমাত্র পাওয়া

গাংনী মাধ্যমিক বিদ্যালয় দুর্নীতিমুক্ত করার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি।।

মেহেরপুরের গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ এলাকার মানুষের কাছে সবচেয়ে ভালো শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গ্রহণযোগ্য ছিল। তবে দীর্ঘদিন ধরে বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন না হওয়া, শিক্ষক নিয়োগে দুর্নীতি ও শিক্ষার মান নিম্নমুখী হওয়ায় এলাকার মানুষের মাঝে চাপা ক্ষোভ রয়েছে। সেই ক্ষোভ এখন প্রতিবাদে পরিণত হয়েছে। বিদ্যালয়টির প্রাক্তন ছাত্রছাত্রীদের উদ্যোগে শুরু হয়েছে স্কুল বাঁচাও আন্দোলন। গতকাল দুপুরে গাংনী বাসস্ট্যান্ডে সমাবেশ ও মানববন্ধন করে বিদ্যালয়টি রক্ষার দাবি জানান তারা।

ফিরিয়ে দাও আমার গৌরবোজ্জ্বলময় গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ—এ স্লোগানে আয়োজক কমিটির আহ্বায়ক বাবুল আল ফারুকের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাংনী পৌর আওয়ামী লীগের সভাপতি ও প্রাক্তন ছাত্র ছানোয়ার হোসেন বাবলু।

আরো বক্তব্য রাখেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, সাবেক ছাত্রলীগ নেতা শাহিদুজ্জামান শিপু, পৌর বিএনপি সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা, সাহারবাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান, গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, সাবেক কাউন্সিলর নবীর উদ্দীনসহ প্রাক্তন শিক্ষার্থীরা। বক্তারা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির পদ থেকে মোশাররফ হোসেনকে দ্রুত অপসারণ দাবি করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.