এইমাত্র পাওয়া

মাউশির নির্দেশনায় ৩০ শিক্ষা প্রতিষ্ঠান

অনলাইন ডেস্ক।।

দেশের বিভিন্ন জেলার আইসিটি লার্নিং সেন্টার (আইএলসি) ল্যাব সুবিধা আছে এমন ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে শিখন ঘাটতির পরিমাণ যাচাইয়ে পাইলটিং কার্যক্রমে যাচ্ছে সরকার। করোনা পরিস্থিতিতে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি ও গণিত এই তিন বিষয়ে শিখন ঘাটতির পরিমাণ যাচাইয়ে এই কার্যক্রম।

এ সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সকল আঞ্চলিক উপপরিচালক ও জেলা শিক্ষা অফিসারদের নির্দেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের জারি করা অফিস আদেশে এই নির্দেশনা দেয়া হয়।
অফিস আদেশে বলা হয়, করোনার কারণে ২০২১ শিক্ষাবর্ষের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের (২০২২ শিক্ষাবর্ষে ৯ম শ্রেণিতে উত্তীর্ণ) বাংলা, ইংরেজি এবং গণিত বিষয়ে শিখন ঘাটতি নিরূপণ করার জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিট (বেডু) একটি গবেষণা কার্যক্রম পরিচালনা করছে।
এই গবেষণা কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষক প্রশ্নোত্তরিকা এবং শিক্ষার্থীদের অনলাইন পরীক্ষার জন্য বিষয়ভিত্তিক (বাংলা, ইংরেজি, গণিত) প্রশ্নপত্র তৈরি করা হয়েছে। গবেষণার মূল কার্যক্রমে যাওয়ার আগে বেডু সংযুক্ত তালিকায় উল্লিখিত আইএলসি ল্যাব সুবিধা আছে এমন ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে একটি পাইলটিং কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করেছে।

এই পাইলট কার্যক্রমের তথ্য সংগ্রহের জন্য শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য গুগল ফর্ম ব্যবহার করা হবে। কার্যক্রমটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ বা প্রধান শিক্ষক এবং আইএলসি ল্যাবের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের জন্য একটি নির্দেশনা তৈরি করা হয়েছে।

ওই নির্দেশনার আলোকে নির্বাচিত ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন পরীক্ষার পাইলট কার্যক্রমটি (অনুশীলনমূলক ও পাইলট পরীক্ষা) সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়।

এছাড়া নির্দেশনা বুঝতে অস্পষ্টতা থাকলে প্রয়োজনীয় পরামর্শের জন্য বিষয়ভিত্তিক তিনজনসহ মোট চারজন অভিজ্ঞ শিক্ষকের সঙ্গে যোগাযোগ করার কথা বলা হয়েছে অফিস আদেশে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.