নিউজ ডেস্ক।।
ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর বিরুদ্ধে বাড়িঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগে আবদুল গণি মাতুব্বর নামে একজন আদালতে মামলা করেছেন। আদালত মামলাটি গ্রহণ করে আগামী ৫ জানুয়ারি শুনানির জন্য ধার্য করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর আদালতের এপিপি এডভোকেট আবুল হাসান সোহেল।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ইউপি নির্বাচনে দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী আহত হন। সেই ঘটনায় রাব্বানীর বাবা এমএ রশীদ আজাদ বাদী হয়ে রাজৈর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় দুই আসামিকে গ্রেপ্তারও করা হয়।
ওই মামলার দুদিন পর রাজৈর উপজেলার মধ্য শাখারপাড় গ্রামের আব্দুল গনি মাতুব্বর বাড়িঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগে রাব্বানীর বিরুদ্ধে আদালতে মামলা করেন।
মামলার বিবরণে জানা যায়, গত ২৬ ডিসেম্বর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী তার সমর্থকদের নিয়ে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের মধ্য শাখারপাড় গ্রামের আব্দুল গনি মাতুব্বরের বাড়িতে হামলা চালান। এসময় তারা বাড়ির কয়েকজনকে পিটিয়ে আহত করেন। মূল্যবান মালামাল লুট করে নিয়ে যান। এ ঘটনায় গোলাম রাব্বানীকে প্রধান আসামি করে ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে মামলা করা হয়।
বাদীপক্ষের আইনজীবী ফয়জুর রহমান হিরু বলেন, আদালত মামলাটি গ্রহণ করে আগামী ৫ জানুয়ারি শুনানির দিন ধার্য করেছেন। এসময় বাদীকে সশরীরে উপস্থিত থাকতে বলা হয়েছে।
উল্লেখ্য, ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ইউপি নির্বাচনে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নে গোলাম রাব্বানীর মামা সালাহ উদ্দিন আহমেদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করে হেরে যান। নির্বাচন চলাকালে রাব্বানী আহত হন। এ ঘটনায় রাজৈর থানায় হত্যাচেষ্টা মামলা করে রাব্বানীর পরিবার। ওই মামলায় কারাগারে রয়েছেন নবনির্বাচিত চেয়ারম্যান মোশারফ মোল্লার ছেলে সোহেল মোল্লাসহ দুইজন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
