অবকাঠামোগত উন্নয়নের তুলনায় শিক্ষাপ্রতিষ্ঠানে জ্ঞানের আলো ছড়ানো বেশি জরুরি

শিক্ষাপ্রতিষ্ঠানে অবকাঠামোগত উন্নয়নের তুলনায় জ্ঞানের আলো ছড়ানো বেশি জরুরি বলে মনে করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। তিনি বলেন, ‘যেকোনো প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন অপরিহার্য। তবে মনে রাখতে হবে, অবকাঠামোগত উন্নয়নের সৌন্দর্য ও স্থায়িত্ব এক পর্যায়ে মলিন হয়ে আসে। কিন্তু শিক্ষার্থীদের যদি জ্ঞানের আলোয় গড়ে তোলা সম্ভব হয়, তবে তা অবকাঠামোগত উন্নয়নের তুলনায় বহুগুন বেশি প্রভাব বিস্তারকারী ভূমিকা পালন করে। একারণে শিক্ষার্থীদের গভীর মনোযোগী হয়ে নিয়মিত অধ্যয়ন করতে হবে। এর মধ্যদিয়েই মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধু ও বাংলাদেশের মান সমুন্নত রাখা যাবে।’

গত রবিবার (২৬ ডিসেম্বর) রাজধানীর দনিয়া কলেজ আয়োজিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য।

শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য ড. মশিউর রহমান বলেন, ‘স্বাধীনতা ও বঙ্গবন্ধু এই দুটি শব্দ অবিচ্ছেদ্য। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই স্বাধীনতা প্রতিষ্ঠায় যে আপোষহীন সংগ্রাম ও লড়াই করেছেন, সেটি শুধু স্বাধীনতা সংগ্রামে বিজয়ী নয়, বরং বাঙালির মধ্যে বীরত্বগাথার এক আত্মবিশ্বাস তৈরি করে দিয়েছেন। আমাদের বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের সেই আত্মবিশ্বাস নিয়েই বিশ্বনাগরিক হয়ে নিজেকে প্রতিষ্ঠা করতে হবে। আর বিশ্বনাগরিক হতে হলে শিক্ষার্থীদের মধ্যে যৌক্তিক চিন্তা, বিজ্ঞানসম্মত ভাবনা, বিজ্ঞান চর্চা এবং একইসঙ্গে শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক চর্চায় অভ্যস্ত হতে হবে।’

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘আমাদের সৌভাগ্য যে আমাদের রাষ্ট্রপরিচালনার দায়িত্ব এখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ওপর ন্যস্ত। তিনি সর্বদা শিক্ষাপ্রতিষ্ঠানের মঙ্গলের কথা, একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা এবং বিশ্ব দরবারে একটি মানবিক বাংলাদেশ হিসেবে আত্মমর্যাদা লাভ করার লক্ষ্য নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমাদের প্রয়োজন প্রতিটি সময়কে অর্থবহ করে ব্যয় করা। তাহলে আমরা কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছতে পারবো।’

কলেজ গভর্নিং বডির সভাপতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ড. মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল ইসলাম মিলন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজ অধ্যক্ষ আলমগীর হোসেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.