অনলাইন ডেস্ক।।
শেয়ারবাজারে বিভিন্ন কারসাজিতে প্রতি সপ্তাহেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিনিয়োগকারীরা। শুধু তাই নয়, বাজারের প্রতি আস্থার সংকট দেখা দিচ্ছে। ইতোমধ্যে হারিয়ে যেতে শুরু করেছে কষ্টার্জিত মূলধন। জানা গেছে, গত দুই সপ্তাহে প্রায় ১৮ হাজার কোটি টাকার মূলধন হারিয়েছে দেশের শেয়ারবাজার।
এদিকে বড় ধরনের দরপতনের মধ্য দিয়ে গত সপ্তাহ পার করেছে দেশের শেয়ারবাজার। এ কারণে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ১২ হাজার কোটি টাকার বেশি নেমে গেছে। সেই সঙ্গে সবক’টি মূল্যসূচক ও লেনদেন কমেছে।
গত সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসই’র বাজার মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ৩৯ হাজার ২৫৮ কোটি টাকা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৫ লাখ ৫১ হাজার ৫৯০ কোটি টাকা। অর্থাৎ এই সপ্তাহে ডিএসই’র বাজার মূলধন কমেছে ১২ হাজার ৩৩২ কোটি টাকা। আগের সপ্তাহে বাজার মূলধন কমেছিল ৫ হাজার ৬০০ কোটি টাকা। সেই হিসাবে দুই সপ্তাহে প্রায় ১৮ হাজার কোটি টাকা মূলধন হারিয়েছে শেয়ারবাজার।
বাজার মূলধন কমে যাওয়ার পাশাপাশি গত সপ্তাহে ডিএসইতে সপ্তাহজুড়ে লেনদেনে অংশ নেওয়া ৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ২৯৫টির। গত সপ্তাহে ডিএসই’র প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ১৬৫ দশমিক ৫৬ পয়েন্ট। আগের সপ্তাহে সূচকটি কমেছিল ১১৬ দশমিক ৫৭ পয়েন্ট। সেই হিসাবে দুই সপ্তাহের পতনে ডিএসইর প্রধান মূল্যসূচক কমেছে ২৮২ পয়েন্ট।
প্রধান মূল্যসূচকের পাশাপাশি গত সপ্তাহে ইসলামী শরিয়াহ ভিত্তিতে পরিচালিত প্রতিষ্ঠান নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ সূচক কমেছে। গত সপ্তাহজুড়ে সূচকটি কমেছে ৩৮ দশমিক ৬৬ পয়েন্ট। আগের সপ্তাহে সূচকটি কমেছিল ১৩ দশমিক ১৬ পয়েন্ট।
বাছাই করা ভালো প্রতিষ্ঠান নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচকও টানা দুই সপ্তাহ পতনের মধ্যে রয়েছে। গত সপ্তাহজুড়ে এই সূচকটি কমেছে ৭৪ দশমিক ৪৭ পয়েন্ট। আগের সপ্তাহে সূচকটি কমেছিল ৪৫ দশমিক ৭৩ পয়েন্ট।
গত সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৭৬২ কোটি ৯৩ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৯৩৩ কোটি ২৭ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ১৭০ কোটি ৩৪ লাখ টাকা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
