এইমাত্র পাওয়া

ভারতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :

সাফ অনুর্ধ-১৯ মহিলা চ্যাম্পিয়নশীপের ফাইনালে ভারতকে ১-০ হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা। বুধবার (২২ ডিসেম্বর) কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ১-০ গোলে জিতেছে লাল-সবুজের দলের মেয়েরা। বাংলাদেশের জয়ে একমাত্র গোলটি করেন আনাই মোগিনি।

গোটা ম্যাচেই আধিপত্য ছিল স্বাগতিক মেয়েদের। ভারতের আক্রমণ ভাগে একের পর এক আক্রমণে ১৬ মিনিটেই লিড পেতে পারত বাংলাদেশ। ভারতের গোলরক্ষক প্রথম দফায় বল রাখতে না পারলে তহুরা শট নেন। তবে শেষ পর্যন্ত গোলরক্ষক গোললাইনে থেকে সেভ করে।

যদিও বাংলাদেশ দলের মেয়েদের দাবি ছিল গোল হয়েছে তবে রেফারি রেফারি শেষ পর্যন্ত আশ্বস্ত করেন, বল লাইনের ওপর ছিল।

এরপর ম্যাচের ৭৬ মিনিটে বল গোললাইন ক্রস করলেও সহকারী রেফারি পতাকা তুলেন অফসাইডের। মিনিটে মিনিটে উত্তেজনা ছড়ানোর ম্যাচে শেষ পর্যন্ত ৮০ মিনিটের মাথায় আনাই মুঘিনির বক্সের বাইরে থেকে নেয়া শট ভারতের গোলরক্ষক আঁটকে রাখতে পারেননি।

শেষ পর্যন্ত আনাই মুঘিনির করা গোলটাই জয়সূচক গোলে পরিণত হয়ে উঠে। বিজয়ের মাসে ভারতের বিপক্ষে আরেকটি জয়। মারিয়া মান্ডা ম্যাচ শেষে যেমনটা বলছিলেন, বিজয়ের ৫০ বছরের সুবর্ণ জয়ন্তীতে গোটা দেশকে উৎসর্গ করেছেন জয়টা।

২০১৮ সালের আসরে অনূর্ধ্ব-১৮ বছর বয়সীদের নিয়ে হওয়া টুর্নামেন্টে শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবার সেটি বাড়িয়ে অনূর্ধ্ব-১৯ করা হলেও অপ্রতিরোধ্য ছিল বাংলাদেশ। রবিন রাউন্ড লিগে ভারতকে ১-০ গোলে হারিয়ে মানসিক ভাবে অনেকটা এগিয়ে ছিল মারিয়া মান্ডারা।

রাউন্ড রবিন লীগ পর্বে বাংলাদেশ তাদের সুচনা ম্যাচে হিমালয় কন্যা নেপালের সঙ্গে গোলশুন্য ড্র করে পয়েন্ট ভাগাভাগি করলেও আর পেছানে ফিরে তাকায়নি। ভুটানকে ৬-০ গোলে, শক্তিশালী ভারতকে ১-০ গোলে এবং লীগ পর্বের শেষ ম্যাচে শ্রীলংকাকে ১২-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে গ্রুপ সেরা হিসেবে ফাইনালে জায়গা করে নেয় ছোটনের শিষ্যরা।

অপরদিকে ভারত শ্রীলংকার বিপক্ষে ৫-০ গোলে জয় নিয়ে লীগ পর্ব শুরু করার পর ভুটানকে হারায় ৩-০ গোলে। তবে তৃতীয় ম্যাচে স্বাগতিকদের সঙ্গে আর পেরে উঠেনি উপমহাদেশের এই পাওয়ার হাউজ। হার মেনেছে ১-০ গোলে। লীগের শেষ ম্যাচে নেপালকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে তারা।

এদিকে টুর্নামেন্টের আরেক শক্তিধর নেপাল স্বাগতিক বাংলাদেশকে গোলশুন্য রুখে দেয়ার পর শ্রীলংকা ও ভুটানকে হারিয়ে দিয়েছিল যথাক্রমে ৬-০ ও ৪-০ গোলে। কিন্তু শক্তিশালী ভারতের কাছে ১-০ গোলে হেরে যাওয়ায় টুর্নামেন্ট থেকে বিদায় নিতে বাধ্য হয় গতবারের রানার্সআপরা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.