নিজস্ব প্রতিবেদক।।
স্কুলের ভর্তির ক্ষেত্রে প্রথম শ্রেণী ছাড়া আর কোনো শ্রেণীতে বয়স কোনো বাধা হবে না। এ কথা জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ বেলাল হোসাইন। গতকাল বুধবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান তিনি। মোহাম্মদ বেলাল হোসাইন বলেন, জামালপুরে এমন একটি বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি। পরে ফোনে আমি জামালপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হালিমা খাতুনের সাথে কথা বলেছি। তখন তিনি আমাকে জানান, উদ্ভূত পরিস্থিতির সমাধান হয়েছে।
জানা গেছে, লটারিতে উত্তীর্ণ হওয়ার পরও বয়সের জটিলতার কারণে জামালপুর জিলা স্কুলে ভর্তি হতে না পারা শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা আন্দোলনে নামেন গত মঙ্গলবার। পরে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা একটি অনুষ্ঠানস্থলের ফটকে শুয়ে বিভাগীয় কমিশনারের পথ আটকে দেয়। এ সময় ফটকের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। মাউশি সূত্রে জানা গেছে, গত বছর ভর্তির বয়স নিয়ে জটিলতা দেখা দিলে আদালতের নির্দেশে তা সংশোধন করা হয়েছিল।
মাউশির একজন কর্মকর্তা বলেন, এবার ভর্তি সংক্রান্ত সভার পর শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রথমে যে নীতিমালা জারি করা হয়েছিল, সেখানে গতবারের নিয়মগুলো ছিল। কিন্তু কিছুক্ষণ পরই সেটি ওয়েবসাইট থেকে নামিয়ে ফেলা হয়। এরপর এ বিষয়ে স্পষ্টকরণও দেয়া হয়। কিন্তু কোনো কোনো প্রধান শিক্ষক সেটি খেয়াল করেননি।
তিনি আরো বলেন, মূলত কোথাও কোথাও এ কারণেই ভুল বোঝাবুঝি হয়ে থাকতে পারে। তবে এটি একেবারেই পরিষ্কার, প্রথম শ্রেণী ছাড়া আর কোনো শ্রেণীতে বয়সের কারণে কাউকে ভর্তিতে আটকানো যাবে না। এটি করলে তা হবে অন্যায় ও অপরাধ। এটি করার কোনো সুযোগ নেই। উল্লেখ্য, এবার সারা দেশের বেশির ভাগ সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কেন্দ্রীয়ভাবে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
