এইমাত্র পাওয়া

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় শিক্ষিকার জামিন

নিজস্ব প্রতিনিধি।।

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভুয়া’ ভিডিও ছড়িয়ে উসকানির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক রুমা সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারিক আদালতে মামলার চার্জশিট জমা না হওয়া পর্যন্ত তাকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

তার জামিন আবেদনের শুনানি নিয়ে সোমবার (২০ ডিসেম্বর) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইন ও সালিশ কেন্দ্রের আইনজীবী লাবনী আক্তার ও মো. শাহীনুজ্জামান।

এর আগে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা ২০২১ কেন্দ্রিক সহিংসতাকে কেন্দ্র করে সারাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করা হয়। গোলযোগপূর্ণ ওই সময়ে এ ধরনের স্পর্শকাতর বিষয় নিয়ে রুমা সরকার গত ১৯ অক্টোবর দুপুর ২টা ৩৫ মিনিট থেকে ২টা ৪২ মিনিট পর্যন্ত ফেসবুক লাইভে আসেন।

লাইভে তিনি বলেন, ‘আমি ভুল করে যতন সাহার মৃত্যুর দৃশ্য দেখে ফেলেছিলাম। গরুর মাংস যেভাবে কুপিয়ে বানায়, আহা হিন্দুদের প্রতি তোর এত ক্ষোভ। তোরা অমানুষ, হত্যার পর এইভাবে কোপালি কেন?’

পরে ওইদিন বিকাল সাড়ে ৩টার দিকে রাজধানীর বেইলি রোডের বাসা থেকে রুমা সরকারকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, তিনি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নোয়াখালীর যতন সাহার হত্যা শিরোনামে একটি অন্য ঘটনার ভিডিও আপলোড করে কিছু স্বার্থান্বেষী মহল কর্তৃক গুজব সৃষ্টির মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপপ্রয়াস চালান, যা বিভ্রান্তিমূলক। প্রকৃতপক্ষে ভিডিওটি গত ১৬ মে বিকাল চারটার সময় ঢাকার পল্লবী থানাধীন ডি-ব্লকের শাহিন উদ্দিন নামে এক ব্যক্তিকে হত্যার ভিডিও।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.