২ সপ্তাহ পর সার্জেন্টের মামলা নিলো পুলিশ

নিউজ ডেস্ক।।

রাজধানীর বনানীতে গাড়ির চাপায় বিজিবির অবসরপ্রাপ্ত সদস্য মনোরঞ্জন হাজং আহত হওয়ার ঘটনার প্রায় দুই সপ্তাহ পর মামলা নিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার রাতে মামলাটি নেওয়া হয়। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগ রয়েছে, যে গাড়ির ধাক্কায় তিনি আহত হন, সেই গাড়িটি একজন বিচারপতির ছেলে চালাচ্ছিলেন। ঘটনাস্থল থেকে ওই চালককে থানায় নিয়ে যায় পুলিশ এবং পরে গাড়িটি জব্দ করা হয়। কিন্তু কিছু সময় পরই ছাড়া পান ওই চালক। এ ঘটনার পর থেকে মামলার অভিযোগ নিয়ে ঘুরছিলেন তার মেয়ে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট মহুয়া হাজং।ওসি নূরে আজম মিয়া জানান, এ ঘটনায় ‘অজ্ঞাত ব্যক্তিকে আসামি’ করে মামলা হয়েছে। আজকেই মামলাটি থানায় রুজু হয়।

মামলা নিতে সময় লাগার বিষয়ে গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আসাদুজ্জামান বলেন, ঘটনার পরই তারা অভিযোগ পেয়েছেন। কিন্তু যাচাই করার প্রয়োজন ছিল। যাচাই-বাছাই করে তারা মামলা নিয়েছেন।

এর আগে ২ ডিসেম্বর রাত সোয়া ২টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি ইউলুপে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি গাড়ির ধাক্কায় মারাত্মক আহত হন মনোরঞ্জন। এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.