নিজস্ব প্রতিবেদক।।
ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) ফিজিক্যাল মাস্টার প্ল্যানের আগে অ্যাকাডেমিক মাস্টার প্ল্যান গ্রহণ করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি। গতকাল শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মহসিন হল খেলার মাঠে বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক ‘আমার বঙ্গবন্ধু’ শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানে ডা: দীপু মনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল মাস্টার প্ল্যানের আগে অ্যাকাডেমিক মাস্টার প্ল্যান দরকার। তার সাথে সামঞ্জস্য রেখে একটা ফিজিক্যাল মাস্টার প্ল্যান হবে। তাহলেই আমরা সত্যিকারার্থে বলতে পারব আমরা কোথায় যেতে চাই আর কিভাবে যেতে চাই। কী ফল আমি অর্জন করতে চাই একটা নির্দিষ্ট সময়ে। এই বিশ্ববিদ্যালয়ের পক্ষে সেটা সম্ভব, এই বিশ্ববিদ্যালয় বিভিন্ন সময়ে দেশকে পথ দেখিয়েছে, এই বিশ্ববিদ্যালয় আজো পারে পুরো উচ্চ শিক্ষার ক্ষেত্রে পথপ্রদর্শক হতে।
এ সময় শিক্ষামন্ত্রী আরো বলেন, অতীত জানবার জন্য বঙ্গবন্ধুকে পাঠ আবশ্যক। সোনার বাংলা গড়তে হলে বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারণ করতে হবে। অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত, শোষণহীন সমাজ গঠনে বঙ্গবন্ধুর পাঠ একেবারে অপরিহার্য। নতুন শিক্ষা কার্যক্রমটি আমরা একেবারে মুক্তিযুদ্ধের চেতনানির্ভর করছি, বিজ্ঞান-প্রযুক্তি ও কারিগরি শিক্ষার প্রতি জোর দেয়া হচ্ছে। ২০২৩ সালে নতুন শিক্ষা কার্যক্রম শুরু হবে। আমরা দক্ষ ও যোগ্য মানবসম্পদ তৈরি করতে চাই, যারা হবেন সুখী ও অভিযোজনে সক্ষম। অর্থাৎ যে পরিবর্তনই আসুক তারা খাপ খাইয়ে নিতে পারবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
