নিজস্ব প্রতিনিধি।।
আজ থেকে শুরু হচ্ছে দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। চার দিনের এই ক্যাম্পেইন শেষ হবে আগামী ১৪ ডিসেম্বর। ক্যাম্পেইন চলাকালে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের খাওয়ানো হবে একটি করে ভিটামিন ‘এ’ ক্যাপসুল। স্বাস্থ্য ও পরিবার কল্যানমন্ত্রী জাহিদ মালেক আজ দুপুর ২টায় ঢাকা শিশু হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পেইনের উদ্বোধন করবেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আজ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত দেশের সব ইপিআই এবং স্বাস্থ্য কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
এক্ষেত্রে ৬ থেকে ১১ মাস বয়সীদের একটি করে নীল ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস শিশুদের একটি করে লাল ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইনের এবারের প্রতিপাদ্য ভিটামিন ‘এ’ খাওয়ান শিশু মৃত্যুর ঝুঁকি কমান।
স্বাস্থ্য অধিদপ্তরের পাশপাশি মন্ত্রণালয়ের এই ক্যাম্পেইন বাস্তবায়ন করবে ঢাকার দুই সিটি করপোরেশন। ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডের এক হাজার ৪৮৭টি কেন্দ্রে ও ডিএনসিসির আওতাধীন ৫৪টি ওয়ার্ডের ১ হাজার ৯০৫টি কেন্দ্রে চলবে এ ক্যাম্পেইন।
ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে জানান, এবার ঢাকা উত্তর সিটিতে ৮ লাখ ৩৩ হাজার ৮৬১ শিশুকে টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১ লাখ ২৬ হাজার ৩১১ ও এক বছর থেকে পাঁচ বছর বয়সী ৬ লাখ ৯৭ হাজার ৫৫০ শিশুকে ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে।
অপরদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে জানানো হয়, সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ডিএসসিসির ১ হাজার ৪৮৭টি কেন্দ্রে এই ক্যাম্পেইন চলবে। সেখানে ২ হাজার ৯৭৪ স্বেচ্ছাসেবক ও ১১২ জন সুপারভাইজার কর্মসূচিটি তত্ত্বাবধান করবেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
