কক্সবাজারে অপহৃত চার স্কুলছাত্রের মধ্যে ৩ জন উদ্ধার

শুক্রবার সন্ধ্যার দিকে টেকনাফের নয়াপাড়ার শালবন পাহাড় থেকে মোহাম্মদ কায়সার নামে একজনকে উদ্ধার করে র‌্যাব। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৫-এর হোয়াইক্যাং ক্যাম্পের ইনচার্জ মেজর ফারাবি। এ সময় র‌্যাব অপহরণকারী দলের একজনকে আটক করে।

অপর দিকে আব্দুস সালামের পুত্র জাহিদুল ইসলাম মামুন ও মো. আলমের পুত্র মিজানুর রহমান নয়নকে উদ্ধার করে ১৬ এপিবিএন পুলিশ। ১৬ এপিবিএন অধিনায়ক তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। উদ্ধারকৃতদের দেওয়া তথ্য অনুযায়ী বাকি জনকে উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

এর আগে শুক্রবার ভোরে অপহরণের অভিযোগে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প থেকে তিন রোহিঙ্গাকে আটক করে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।

গত বুধবার রাতে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পেচারদ্বীপের মংলা পাড়া এলাকার মোহাম্মদ কায়সার, মিজানুর রহমান নয়ন, জাহেদুল ইসলাম ও মিজানুর রহমান নিখোঁজ হন বলে অভিযোগ করেন তাদের স্বজনরা।

অপহৃতদের স্বজনদের অভিযোগ, সেন্ট মার্টিন দ্বীপ বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে দুই রোহিঙ্গা গত মঙ্গলবার সকালে চার স্কুলছাত্রকে সন্ত্রাসী চক্রের হাতে তুলে দিয়েছিলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.