নিজস্ব প্রতিনিধি।।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২০-২১ সেশনের প্রথম বর্ষ ভর্তির কলেজ ও বিষয় নির্বাচন বুধবার (৮ ডিসেম্বর) শুরু হয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে কলেজ ও বিষয় নির্বাচন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে জানানো হয়েছে, আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত ভর্তিচ্ছুরা কলেজ ও বিষয় নির্বাচনের আবেদন করতে পারবেন।
গত ৫, ৬ নভেম্বর সাত কলেজের বাণিজ্য, বিজ্ঞান অনুষদ এবং ১৭ নভেম্বর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় বাণিজ্য অনুষদে পাসের হার প্রায় ৭৩ শতাংশ, বিজ্ঞান অনুষদে ৫৭.৭০ শতাংশ ও কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে ৬৭.৯ শতাংশ।
এ বছর সাত কলেজে তিন ইউনিটে মোট ২৬ হাজার ১৬০টি আসন রয়েছে। বিজ্ঞান ইউনিটে মোট আসন রয়েছে ৬ হাজার ৫০০টি। বাণিজ্য ইউনিটে মোট আসন ৫ হাজার ৩১০টি। কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট আসন রয়েছে ১৪ হাজার ৩৫০টি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
