নিজস্ব প্রতিবেদক।।
বাংলাদেশ সেনাবাহিনী দেশ-বিদেশে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনে সক্ষম বলে মন্তব্য করে সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমদ বলেছেন, সেনাবাহিনীর আধুনিকায়নে প্রধানমন্ত্রী অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতা করছেন। সেনাবাহিনীকে গর্বের জায়গায় দেখতে চান তিনি।
রোববার (৫ ডিসেম্বর) সকালে সিলেট সেনানিবাসের মুজিব চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ‘বজ্রকণ্ঠ’র উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শফিউদ্দিন আহমদ বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষে এ ম্যুরাল উদ্বোধন সৌভাগ্যের ব্যাপার। জাতির পিতার এ ভাস্কর্য শুধু প্রদর্শনের জন্যই নয়, স্বাধীনতার সঠিক ইতিহাসের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ জন্মাবে বলেও মন্তব্য করেন তিনি।
সেনা সদস্যদের পাশাপাশি বাইরের লোকজনও এ ভাস্কর্য দেখতে ও এর প্রতি সম্মান জানাতে পারবে, এমনটাই জানান সেনাপ্রধান। উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিলেট সেনানিবাসে মুজিব চত্বরে স্থাপিত ভাস্কর্যটির বেজমেন্ট ৬ ফুট ও মূল ভাস্কর্য ১৯ ফুট দীর্ঘ। সেনাবাহিনীর সিলেট এরিয়া সদর দপ্তরের তত্ত্বাবধানে স্থাপিত হয় ভাস্কর্যটি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
