নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের কফিন মিছিল

নিজস্ব প্রতিনিধি।।

শিক্ষার্থীদের জন্য দেশব্যাপী বাস ভাড়া অর্ধেক করা, নিরাপদ সড়ক, সড়ক দুর্ঘটনার সুষ্ঠু বিচারসহ ৯ দফা দাবিতে রাজধানীর শাহবাগ এলাকায় শিক্ষার্থীদের প্রতীকী কফিন মিছিল করেছে শিক্ষার্থীরা।

গতকাল রোববার দুপুর সাড়ে ১২টায় প্রতীকী কফিন নিয়ে শাহবাগ মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নিলে বিপুলসংখ্যক পুলিশ তাদের ঘিরে ধরে এবং সেখান থেকে সরে যাওয়ার অনুরোধ করে। বাধার মুখে শিক্ষাথীরা শাহবাগ মোড় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেয়।

রাজু ভাস্কর্যে অবস্থানকালে শিক্ষার্থীরা ‘আমার ভাই কবরে খুনি কেন বাহিরে’, ‘৯ দফার সংগ্রাম চলবে চলবে’, ‘আইন করে হাফ পাস দিতে হবে’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।

আন্দোলনকারীদের একজন স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থী ইনজামুল হক বলেন, আমাদের যে ৯ দফা দাবি রয়েছে আমরা সেগুলোর বাস্তবায়ন চাই। বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা ১১ দফা দাবি জানিয়েছে। তাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই। আজকে যেহেতু পুলিশ আমাদের শাহবাগে লাশের মিছিল নিয়ে অবস্থান করতে দেয়নি তাই আজকের মতো আমাদের কর্মসূচি শেষ করলাম। নিরাপদ সড়কের দাবিতে আমরা আগামীকাল (সোমবার) সন্ধ্যায় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন এবং প্রতিবাদী গানের আয়োজন করব।

শাহবাগ থানার ওসি শেখ মোহাম্মদ কামরুজ্জামান বলেন, যান চলাচল ব্যাহত হয় এ রকম কোনো কাজ আমরা তাদের করতে দেবো না। প্রয়োজনে যান চলাচল ব্যাহত না হয় এমন কোনো স্থানে দাঁড়িয়ে তারা তাদের প্রোগ্রাম সম্পন্ন করবে। মিছিল নিয়ে তারা রাস্তায় হাঁটলেও যান চলাচল ব্যাহত হবে। তাই আমরা তাদের এটিও করতে দেবো না।

এর আগে সড়কে অনিয়মের প্রতিবাদে ও নিরাপদ সড়কের দাবিতে শনিবার রাজধানীর রামপুরা ব্রিজ এলাকায় বিআরটিএ কে ‘লাল কার্ড’ দেখিয়েছে আন্দোলনকারীরা। সেখান থেকে আজকের এই প্রতীকী লাশের কর্মসূচি ঘোষণা করা হয়। এ ছাড়া সড়ক অব্যবস্থাপনার সাথে জড়িতদের ব্যঙ্গচিত্রও দেখিয়েছে শিক্ষার্থীরা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.