এইমাত্র পাওয়া

আনন্দ মোহন কলেজের হল বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ

নিউজ ডেস্ক।।

ছাত্রলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে সৃষ্ট উত্তেজনায় ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের সব হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গতকাল শনিবার রাতে ছাত্রদের এবং আজ রোববার সকালের মধ্যে ছাত্রীদের হলত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার রাতে কলেজের অধ্যক্ষ মো. আমান উল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

এ ব্যাপারে জানতে চাইলে অধ্যক্ষ মো. আমান উল্লাহ বলেন, ‘ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনার কারণে অপ্রীতিকর ঘটনা এড়াতে হল বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছি। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও খুলে দেওয়া হবে।’

আনন্দ মোহন কলেজের একাধিক শিক্ষার্থী জানান, গত শুক্রবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি আনন্দ মোহন কলেজ ছাত্রলীগের কমিটি ময়মনসিংহ জেলা ছাত্রলীগের ইউনিট হিসাবে পরিচালিত হবে। কলেজ শাখা ছাত্রলীগের একটি অংশ এই সিদ্ধান্তের প্রতিবাদ জানায়, আরেক পক্ষ এই সিদ্ধান্তকে সমর্থন জানালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শিক্ষার্থীরা আরও জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে কলেজ শাখা ছাত্রলীগের একটি অংশ শুক্রবার রাত ১২টার দিকে কলেজের সামনে বিক্ষোভ করে। এ সময় তারা কলেজ ছাত্রলীগকে ময়মনসিংহ জেলা নয়, মহানগর ছাত্রলীগের অংশ হিসাবে পরিচালনার দাবি জানায়। একই দাবিতে শনিবার সকালেও কলেজের সামনে বিক্ষোভ করে তারা। এ সময় জেলা ছাত্রলীগের পক্ষের নেতা-কর্মীরা মুখোমুখি হলে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এরপর শনিবার সন্ধ্যায় কলেজ ক্যাম্পাসে স্বাভাবিক পরিবেশ নিশ্চিতের দাবিতে ময়মনসিংহ নগরীর টাউন হল এলাকায় সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করে। ওই মানববন্ধন ঘিরে রাতে আবারও ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়, বলেন শিক্ষার্থীরা।

এমন প্রেক্ষাপটে শনিবার রাতেই আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ মো. আমান উল্লার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে অনির্দিষ্টকালের জন্য সব হল বন্ধ ঘোষণা করা হয়।

এ ব্যাপারে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার পরির্দশক ফারুক আহমেদ বলেছেন, শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনার ঘটনায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কলেজ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.