নিউজ ডেস্ক।।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৩২ হাজার ২৮৩ জন শিক্ষক নিয়োগের পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম চলছে। ভেরিফিকেশন শেষ হওয়ার পূর্বে পৃথকভাবে যোগদানের কোনো সুযোগ নেই।
শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ৩২ হাজারের অধিক শিক্ষকের ভেরিফিকেশন শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এই কার্যক্রম শেষ করার তাগাদা দিয়েছে কর্তৃপক্ষ। তবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের কারণে ভেরিফিকেশন কার্যক্রম কিছুটা বিলম্বিত হচ্ছে। এই প্রক্রিয়া শেষে সবাইকে একসঙ্গে সুপারিশপত্র দেওয়া হবে।
সূত্র জানায়, ৩২ হাজার ২৮৩ জন শিক্ষকের ভেরিফিকেশন শেষ হওয়ার পর ফরমগুলো শিক্ষা মন্ত্রণালয়ে ফেরত পাঠানো হবে। এরপর মন্ত্রণালয় থেকে ভি রোল ফরম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ে পাঠানো হবে। ফরমগুলো যাচাই-বাছাই শেষে চূড়ান্ত সুপারিশপত্র দেবে এনটিআরসিএ।
এ প্রসঙ্গে জানতে চাইলে বুধবার (১ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) ফৌজিয়া জাফরীন জানান, ৩২ হাজারের বেশি শিক্ষকের পুলিশ ভেরিফিকেশনের কার্যক্রম চলছে। এই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত শিক্ষকদের যোগদানের কোনো সুযোগ নেই।
সম্প্রতি মন্ত্রণালয়ে শূন্যপদ পূরণে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় শিক্ষকদের যোগদানের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা— এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, বৈঠকে নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে চলমান ভেরিফিকেশন নিয়ে সেখানে কোনো আলোচনা হয়নি।
উল্লেখ্য, গত ১৫ জুলাই রাতে ৩৮ হাজার ২৮৬ জনকে নিয়োগের সুপারিশ করে ৩য় গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করে এনটিআরসিএ। কিন্তু, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে এ পর্যন্ত কখনো পুলিশ ভেরিফিকেশন না হলেও এই ৩৮ হাজার শিক্ষকের পুলিশ ভেরিফিকেশন করার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। নির্বাচিত প্রার্থীরা পুলিশ ভেরিফিকেশনের সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও যোগদান প্রক্রিয়া দীর্ঘ হওয়ায় হতাশার কথা জানান তারা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
