অক্সফোর্ড স্নাতক হলেন মালালা

নিউজ ডেস্ক।।

ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শন, রাজনীতি এবং অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করলেন শান্তিতে নোবেলজয়ী ও পাকিস্তানের নারী শিক্ষা অধিকার কর্মী মালালা ইউসুফজাই। এক বছরের বেশি সময় অক্সফোর্ড থেকে স্নাতক শেষ করলেও করোনাভাইরাস মহামারির কারণে সনদ প্রদান অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছিল। সেই সনদ অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় আনন্দ উদযাপনের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ২৪ বছর বয়সী মালালা। ছবিতে দেখা যায়, তিনি পরিবার এবং বন্ধুদের সাথে নিয়ে প্রথাগত স্নাতকের কালো গাউন এবং টুপি পরে ছবি তুলছেন। ছবির ক্যাপশনে এই মানবাধিকার কর্মী লিখেছেন, ‘দৃশ্যত আমি একটি ডিগ্রি পেয়েছি।’

মালালার হাসিখুশি এসব ছবিতে তার স্বামী আসার মালিককেও দেখা গেছে। যেখানে স্ত্রীর অর্জনে উল্লাস করছেন তিনি। ক্যামেরার সামনে এই নবদম্পতিকে প্রাণোচ্ছল ও হাশিখুশি দেখা যায়। স্ত্রীর অর্জনে গর্বিত আসার মালিক ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন। মালালা ইউসুফ জাইয়ের পাশে দাঁড়ানো ছবি পোস্ট করে মালিক লিখেছেন, আমরা যে জায়গাটিতে প্রথম দেখা করেছিলাম, মালালার স্নাতকের দিনে সেই স্থানটি একটু বেশিই বিশেষ হয়ে উঠেছিল।

২০১৮ সালের গ্রীষ্মে অক্সফোর্ডে আসার মালিকের সঙ্গে প্রথম দেখা হয় মালালার। অক্সফোর্ডের সনদ প্রদান অনুষ্ঠানে মালালার বাবা জিয়াউদ্দিন ইউসুফজাই এবং মা তুর পেকাই ইউসুফজাইকেও দেখা যায়। গত ৯ নভেম্বর এক টুইট বার্তায় শান্তিতে নোবেলজয়ী মালালা নিজের বিয়ের খবর দেন। টুইটে তিনি বলেন, ‌‌‘আজকের দিনটি আমার জীবনের একটি মূল্যবান দিন। আসার এবং আমি সারা জীবনের জন্য গাঁটছড়া বেঁধেছি। বার্মিংহামের বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে ছোট পরিসরে নিকাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জীবনের বাকি অংশ আমরা একসঙ্গে কাটাতে চাই। আমাদের জন্য দোয়া করবেন।’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.