এইমাত্র পাওয়া

‘ইউজিসি প্রফেসর’ হলেন ৩ শিক্ষক

নিউজ ডেস্ক।।

দেশের তিনজন খ্যাতিমান শিক্ষক ও গবেষককে ‘ইউজিসি প্রফেসর’ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। আগামী দু’বছরের জন্য ‘ইউজিসি প্রফেসর’ হিসেবে এ তিন গবেষক দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইউজিসি।

‘ইউজিসি প্রফেসর’ হিসেবে নিয়োগপ্রাপ্তরা হলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববদ্যিালয়ের রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. শরীফ এনামুল কবির, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জি ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সুলতান উদ্দিন ভূঁইয়া।

জানা যায়, সম্প্রতি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে ‘ইউজিসি প্রফেসরশিপ’ নিয়োগ কমিটির এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

‘ইউজিসি প্রফেসর’ নিয়োগে শিক্ষা, গবেষণা, প্রকাশনা, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কর্ম-অভিজ্ঞতা, গবেষণা কাজে সংশ্লিষ্টতা ইত্যাদি বিষয় বিবেচনা করা হয়।

ইউজিসি প্রফেসরশিপ নীতিমালা অনুযায়ী অবসরপ্রাপ্ত খ্যাতিমান শিক্ষক/গবেষকদের ‘ইউজিসি প্রফেসর’ প্রদান করা হয়। একজন সিলেকশন গ্রেডপ্রাপ্ত প্রফেসর সর্বোচ্চ যে সুযোগ-সুবিধা পান ‘ইউজিসি প্রফেসর’ গণও একই সুযোগ-সুবিধা প্রাপ্ত হবেন।

উল্লেখ্য, অধ্যাপক ড. শরীফ এনামুল কবির জগন্নাথ বিশ্ববদ্যিালয়ে ও অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জি ও অধ্যাপক ড. সুলতান উদ্দিন ভূঁইয়া নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত থেকে গবেষণা কর্মকাণ্ড পরিচালনা করবেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.