হাফ ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

নিউজ ডেস্ক।।

বাসে হাফ পাসের দাবিতে সোমবারও রাজধানীর কয়েকটি স্থানে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়, মোহাম্মদপুর তিন রাস্তার মোড় কয়েক ঘণ্টা অবরোধ করে রাখেন কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী।

ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধরের কারণে তরঙ্গ প্লাস পরিবহনের দুটি বাস আটক ও মোহাম্মদপুরে প্রজাপতি পরিবহনের একটি বাস ভাংচুরের ঘটনাও ঘটেছে। এতে ওইসব এলাকাসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে এসব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে দেখা গেছে।

হাফ ভাড়ার দাবিতে বেশ কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে আন্দোলন করে আসছেন রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরিবহন মালিক-শ্রমিকরা হাফ ভাড়া নেয়ার বিষয়ে পরিবহন সংগঠনের সিদ্ধান্তের কথা বলছেন। আর সংগঠনের নেতারা বলছেন, শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নিলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে তাদের।

সরকার যদি তাদের ভর্তুকি দেয়, তাহলে তারা হাফ ভাড়া নিতে প্রস্তুত। এমনকি সরকার আইন করে হাফ ভাড়ার বিষয়টি প্রতিষ্ঠা না করায় তারা হাফ ভাড়া নিতে পারবেন না বলেও ¯্রফে জানিয়ে দিয়েছেন। এ নিয়ে বেশ কয়েকদিন ধরে পরিবহন শ্রমিক ও শিক্ষার্থীদের মধ্যে মারামারি, ভাংচুর ও হট্টগোল লেগেই আছে। বিষয়টি নিয়ে সরকারের সংশ্লিষ্ট সেক্টরের কর্তাব্যক্তিরা বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ রয়েছেন। কার্যত এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কোন পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না।

ফলে সোমবারও রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ, ভাংচুরের ঘটনা ঘটেছে। বেলা পৌনে ১১টা থেকে আড়াইটা পর্যন্ত মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের আল্লাহ করিম জামে মসজিদের সামনে অবস্থান নেন মোহাম্মদপুর গবর্নমেন্ট কলেজ, শ্যামলী আইডিয়াল পলিটেকনিক্যাল কলেজ ও মোহাম্মদপুর আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। ধীরে ধীরে আরও কয়েকটি কলেজের শিক্ষার্থীরা এতে যোগ দেন। এতে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

দুপুরের দিকে দেখা যায়, গাড়ি থামিয়ে চালকের চাবি নিয়ে নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। অবরোধে শিক্ষার্থীরা নানা ধরনের প্ল্যাকার্ড হাতে নিয়ে হাফ পাসের দাবি বাস্তবায়নে নানান স্লোগান ও বক্তব্য দিচ্ছেন। গোলচত্বর অবরোধ করে রাখায় বছিলা, আদাবর ও মোহাম্মদপুর থেকে বিভিন্ন রুটের বাস বের হতে ও ঢুকতে পারছিল না। যানজটের কারণে বাসের দীর্ঘ সারি বহুদূর পর্যন্ত গড়ায়।

যাত্রীরা লেগুনা ও রিক্সায় যেতে চাইলেও সেই উপায় ছিল না। একাধিক পরিবহন, লেগুনা আর রিক্সায় ওখানকার সড়কগুলোতে জটলার সৃষ্টি হয়। যাত্রীদের হেঁটে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড অতিক্রম করে রিক্সা ও অন্যান্য পরিবহনযোগে যেতে দেখা গেছে। গোলচত্বরে জটলার কারণে আসাদগেট, জিগাতলাসহ আশপাশের সড়কেও তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে ওষুধ কোম্পানির গাড়ি, এ্যাম্বুলেন্স ও রোগী বহনকারী গাড়ি চলাচল করতে দেয়া হচ্ছে।

মোহাম্মদপুর সরকারী কলেজের শিক্ষার্থী নাহিয়ান বলেন, ওই রুটে চলাচলকারী কোন বাসই তাদের কাছ থেকে হাফ ভাড়া নিচ্ছে না। হাফ ভাড়া দিতে চাইলে দুর্ব্যবহার করে। বলে, বাস থেকে নেমে হেঁটে যেতে। অথচ ওইসব বাসে সিটের বাইরেও অনেক যাত্রী দাঁড় করিয়ে নেয়া হয়। এসব যাত্রীর অতিরিক্ত ভাড়া চালক-সহকারীর পকেটে যায়। কিন্তু পুরো বাসে ২/৪ ছাত্র থাকলে সেটা মানতে পারে না বাস শ্রমিকরা।

ঢাকা কলেজের শিক্ষার্থীকে মারধর, ২ বাস আটক ॥ ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে বিকেলে শাহবাগ এলাকায় ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় তরঙ্গ প্লাস কোম্পানির দুটি বাস আটকে রেখেছে শিক্ষার্থীরা। মারধরের শিকার ওই শিক্ষার্থীর নাম মিরাজ হোসেন। তিনি কলেজের ইংরেজী বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

তিনি বলেন, সকালে তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা দিতে আসার সময় শাহবাগ এলাকায় তরঙ্গ প্লাস বাসের হেলপারের মারধরের শিকার হয়েছি। তালিকা অনুযায়ী ভাড়া দিতে চাইলে তার কাছ থেকে অতিরিক্ত ভাড়া দাবি করেন বাসের হেলপার। পরে ভাড়ার তালিকা দেখতে চাইলে আমার সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন হেলপার। একপর্যায়ে মারধর করে আমার টি-শার্ট ছিঁড়ে ফেলেন। তিনি বলেন, তাৎক্ষণিকভাবে আমি বাস থেকে নেমে বিষয়টি স্থানীয় পুলিশ বক্সে জানাই। এরপর কলেজে এসে ছেড়া টি-শার্ট গায়েই পরীক্ষা দিই। তাদের মারধরের কারণে আমার চোখের নিচে ও হাতে ব্যথা পেয়েছি। কয়েক জায়গায় কেটেও গিয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.