নিউজ ডেস্ক।।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুই হাতের কব্জি দিয়ে লিখে চলতি এসএসসি পরীক্ষা দিচ্ছে অদম্য মেধাবী শিক্ষার্থী মোবারক আলী। দুটি হাতের আঙুল না থাকলেও সুস্থ স্বাভাবিক শিক্ষার্থীর মতোই কব্জি দিয়ে লিখে পরীক্ষা দিচ্ছে মোবারক। তার হাতের লেখাও সুন্দর। শারীরিক প্রতিবন্ধী মোবারক আলী কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের দিনমজুর এনামুল হকের ছেলে।
জন্মের পর থেকে এভাবেই সে বড় হয়ে ওঠে। তার দুটো হাত অচল হলেও কখনো দমেনি সে। মোবারক ২০১৮ সালে কাশিপুর উচ্চবিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষা দিয়ে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়।
গতকাল সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় (পাইলট) এসএসসি পরীক্ষা কেন্দ্রের ৯ নম্বর কক্ষে গিয়ে দেখা যায়, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হিসেবে গণিত বিষয়ের পরীক্ষা দিচ্ছে সে।
মোবারক আলী বলেন, ‘সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন ভালো রেজাল্ট করে বাবা-মাসহ শিক্ষকদের মুখ উজ্জ্বল করতে পারি।’ এ বিষয়ে কাশিপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জায়দুল হক জানান, মোবারক প্রতিবন্ধী হলেও যথেষ্ট মেধাবী এবং পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী। আশা করছি সে ভালো ফল করবে। সূত্রঃ আমাদের সময়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
