নিউজ ডেস্ক।।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘শিক্ষিত বেকার কমাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম পরিবর্তনের মাধ্যমে শিক্ষার্থীদের কর্মোপযোগী শিক্ষা দেওয়া হবে। আমরা সনদধারী বেকার তৈরি করতে চাই না।’ গতকাল শনিবার সকালে রংপুর সার্কিট হাউস প্রাঙ্গণে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘কর্মমুখী শিক্ষা গ্রহণের পর শিক্ষার্থীরা যাতে কর্মজীবনে প্রবেশ করতে পারেন, সেভাবে আমরা তাদের তৈরি করে দিতে চাই। সে জন্য আমরা বিভিন্ন কর্মশালার আয়োজন করছি। শিক্ষার্থীদের চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করতে কাজ করছি।’
মন্ত্রী বলেন, ‘রংপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। তবে এখন সেটি কী অবস্থায় আছে, জানি না। ঢাকায় গিয়ে বিষয়টি গুরুত্বসহকারে দেখব।’
গতকাল দুপুরে রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রংপুর বিভাগীয় অঞ্চলের শিক্ষকদের নিয়ে ‘শিক্ষা ব্যবস্থাপনা ও শিক্ষার মানোন্নয়ন’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন শিক্ষামন্ত্রী। কর্মশালায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান, ডিন আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। কর্মশালার পর শিক্ষামন্ত্রী রংপুর কারমাইকেল কলেজ পরিদর্শন করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
