এইমাত্র পাওয়া

সাত কলেজের ভর্তি পরীক্ষায় প্রথম হলেন দারুননাজাত মাদরাসার ছাত্র নাজমুল

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের (২০২০-২১) শিক্ষাবর্ষে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন মাদরাসাছাত্র নাজমুল ইসলাম। তিনি ঢাকার দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার ছাত্র। ভর্তি পরীক্ষায় তিনি স্কোর ৮৭ ও সর্বমোট ১০৭ নম্বর পেয়েছেন।

বুধবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় ঢাবির আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া নাজমুল ইডেন মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন। এছাড়া দ্বিতীয় হয়েছেন ঠাকুরগাঁও সরকারি কলেজের আবু কাওসার, তিনি সর্বমোট ১০৬ নম্বর পেয়েছেন। তার ভর্তি পরীক্ষার স্কোর ৮৬। এবং তৃতীয় হয়েছেন ১০৫ দশমিক ৯৪ পেয়ে সরকারি বাঙলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করা রাকিব হোসেন। তার ভর্তি পরীক্ষার স্কোর ৮৭।

এবার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া ২১ হাজার ১৩২ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৪ হাজার ৩৮২ জন। সেই হিসেবে পাসের হার ৬৭ দশমিক ৯০। সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে আসন সংখ্যা ১১ হাজার ৯০৫টি। গত ১৩ নভেম্বর ঢাকার ১০টি কেন্দ্রে এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.