নিউজ ডেস্ক।।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহারের বিরুদ্ধে অনিয়ম ও অদক্ষতার অভিযোগে তুলে তাকে অপসারণের দাবি জানিয়েছে প্রতিষ্ঠানটির অভিভাবকদের একাংশ। একই সাথে প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির কয়েকজন সদস্যেরও শাস্তি চেয়েছে তারা।
বুধবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে তারা সরকারের কাছে এই দাবি জানায়। এ সময় লিখিত বক্তব্যে বিভিন্ন অনিয়ম ও দাবির কথা তুলে ধরেন আনিসুর রহমান নামে এক অভিভাবক। তিনি জানান, তার মেয়ে প্রতিষ্ঠানটির সপ্তম শ্রেণিতে পড়ে। এ সময় আরো কিছুসংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে জানতে চাইলে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহার সংবাদ সম্মেলনের আয়োজন করা অভিভাবকেরা আসলে ভিকারুননিসা নূন স্কুলের অভিভাবক কি না, তা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, যারা অবৈধ ও অনৈতিক সুবিধা চেয়েও পাননি, তারাই চান না তিনি (অধ্যক্ষ) প্রতিষ্ঠানটিকে ভালোভাবে চালিয়ে নেন।
আনিসুর রহমান বলেন, সরকারের নির্দেশনা অমান্য করে বর্তমান অধ্যক্ষ ২০২১ সালের তিন হাজার টাকা সেশন চার্জ আদায় করেছেন। করোনার কারণে অনেক অভিভাবক কর্মহীন হয়ে পড়ায় ফি কমানো বা মওকুফের জন্য আবেদন করা হলেও তা আমলে নেয়া হয়নি। এমনকি আবেদনকারীরা বিদ্যালয়ে ঘুরেও অধ্যক্ষের সাক্ষাৎ পাননি। অন্য দিকে শুক্র ও শনিবার সরকারি-বেসরকারি সংস্থার পরীক্ষার জন্য প্রতিষ্ঠান ভাড়া দিয়ে লাখ লাখ টাকা আয় করা হচ্ছে। যার বেশিরভাগই অধ্যক্ষ আত্মসাৎ করছেন।
শিক্ষাপ্রতিষ্ঠানটির পড়াশোনার মানও দিন দিন খারাপ হয়ে যাচ্ছে বলে অভিযোগ করে আনিসুর রহমান বলেন, অধ্যক্ষের অদক্ষতার কারণেই প্রতিষ্ঠানটির শিক্ষার মান খারাপ হচ্ছে। একই কারণে প্রতিষ্ঠানটির শৃঙ্খলাও ফিরছে না। আনিসুর রহমানের অভিযোগ, এই প্রতিষ্ঠানটি এখন দুর্নীতির ‘স্বর্গরাজ্য’।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
