নিউজ ডেস্ক।।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘ডি’ ইউনিটভুক্ত জীববিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় ছয় ভর্তিচ্ছুর পরীক্ষা বাতিল করা হয়েছে।
মঙ্গলবার ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়। এদিন পাঁচটি শিফটে ‘ডি’ ইউনিটের পরীক্ষা নেয়া হয়। আজ বুধবার আরো পাঁচটি শিফটের মধ্যদিয়ে ‘ডি’ ইউনিটের পরীক্ষা শেষ হয়। বুধবার বিকেল চারটায় সর্বশেষ শিফটের পরীক্ষা নেয়া হয়।
দুই দিনের এ পরীক্ষায় ছয় ভর্তিচ্ছুর পরীক্ষা বাতিল করা হয়েছে। নির্ধারিত দিনে পরীক্ষা দিতে না আসায় তাদের পরীক্ষা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে ভর্তি পরীক্ষা সংশ্লিষ্টরা।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান জানান, ভুল করে প্রথম দিনের পরীক্ষার্থী দ্বিতীয় দিন ও দ্বিতীয় দিনের পরীক্ষার্থী প্রথম দিনের পরীক্ষায় অংশগ্রহণ করেছে এমন ছয় ভর্তিচ্ছুর পরীক্ষা বাতিল করা হয়েছে।
ভর্তি পরীক্ষা সংশ্লিষ্টরা বলছেন, এবারের পরীক্ষায় প্রায় ৬৫ শতাংশ ভর্তিচ্ছুর উপস্থিতি লক্ষ্য করা গেছে।
বৃহস্পতিবার ‘এইচ’ ইউনিটের অধীনে ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি এবং ‘জি’ ইউনিটের অধীনে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ভর্তি পরীক্ষা হবে।
পরে ১৪ নভেম্বর ‘বি’ ইউনিটের অধীনে সমাজবিজ্ঞান অনুষদ, ১৫ নভেম্বর ‘এফ’ ইউনিটের অধীনে আইন অনুষদ এবং ‘আই’ ইউনিটের অধীনে বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট, ১৬ নভেম্বর ‘ই’ ইউনিটের অধীনে বিজনেস স্টাডিজ অনুষদ, ‘সি-১’ ইউনিটের অধীনে কলা ও মানবিকী অনুষদ (নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগ) এবং ১৮ নভেম্বর ‘সি’ ইউনিটের অধীনে কলা ও মানবিক অনুষদের ভর্তি পরীক্ষা হবে। এছাড়া ২০ ও ২১ নভেম্বর ‘এ’ ইউনিটের অধীনে গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বছর ভর্তিচ্ছুদের মোট নয়টি ইউনিটের জন্য পৃথকভাবে ফরম পূরণ করতে হয়েছে। এক হাজার ৮৮৯ আসনের বিপরীতে তিন লাখ আট হাজার ৬০৬ আবেদন জমা পড়েছে। সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৬৩ জন শিক্ষার্থী।
এর মধ্যে ‘এ’ ইউনিটে ৬৮ হাজার ২০২ জন, ‘বি’ ইউনিটে ৩৭ হাজার ৮৪৭ জন, ‘সি’ ইউনিটে ৪১ হাজার ৬৭৭ জন, ‘সি-১’ ইউনিটে ১০ হাজার ২৬৮ জন ভর্তি-ইচ্ছুক পরীক্ষায় অংশ নিতে আবেদন ফরম পূরণের প্রক্রিয়া সম্পন্ন করেছেন।
এছাড়া ‘ডি’ ইউনিটে ৬৯ হাজার ১২৯ জন, ‘ই’ ইউনিটে ১৮ হাজার ৩৩ জন, ‘এফ’ ইউনিটে ২৪ হাজার ৭৩ জন, ‘জি’ ইউনিটে ৮ হাজার ৮৬১ জন, ‘এইচ’ ইউনিটে ২৩ হাজার ২৪০ জন এবং ‘আই’ ইউনিটে ছয় হাজার ৭১০ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
