রাজধানীর বিভিন্ন এলাকা থেকে জাল সার্টিফিকেট তৈরি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা রমনা বিভাগ।
গ্রেফতারকৃতরা হলেন- মো. অহিদুজ্জামান বাবু, মো. তানভির আহম্মেদ, মো. রাজু হাওলাদার, মো. খোকন, ও মো. শহীদুজ্জামান চৌধুরী।
শনিবার ধারাবাহিক অভিযানে কামরাঙ্গীরচর থানার পশ্চিম রসূলপুর ও রমনা থানার সেগুনবাগিচা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা ধানমণ্ডি জোনাল টিম।
গোয়েন্দা রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ফজলে এলাহী বলেন, কামরাঙ্গীরচর থানার পশ্চিম রসূলপুরের ৩নং গলির একটি ফ্ল্যাটে বিভিন্ন শিক্ষা বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট তৈরি করছে বলে জানতে পারি। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে অহিদুজ্জামান, তানভির, রাজু ও খোকনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন শিক্ষা বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট ৯টি, দুই প্যাকেট বিশেষ কাগজ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অফিসিয়াল প্যাড ১টি, স্যামসাং মনিটর ১টি, ভিশন সিপিইউ ১টি, ক্যানন-১০০০ কালার প্রিন্টার ১টি ও ১০০ টাকার স্ট্যাম্প ৫টি জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য ও প্রযুক্তির সহায়তায় রমনা থানার সেগুনবাগিচা এলাকা থেকে বিকাল সোয়া ৪টায় এ ঘটনায় জড়িত শহীদুজ্জামানকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃতরা নিউমার্কেট এলাকায় আগ্রহীদের নাম ঠিকানা সংগ্রহ করে কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন শিক্ষা বোর্ডের জাল সার্টিফিকেট তৈরি করত। তাদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় মামলা হয়েছে। এ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
