সাত কলেজে ভর্তি পরীক্ষা: বাড়তি ভাড়া দিয়ে কেন্দ্রে আসতে হয়েছে পরীক্ষার্থীদের

ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে ১৫ টাকা বাড়ানোর প্রতিবাদে শুক্রবার ভোর থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। ধর্মঘটের দ্বিতীয় দিনও দেশের প্রায় সর্বত্র পণ্য ও যাত্রীবাহী যান চলাচল বন্ধ রয়েছে। এর মধ্যেই চলছে সাত কলেজের ভর্তি পরীক্ষা। অতিরিক্ত ভাড়া দিয়ে অনেকটা বাধ্য হয়েই কেন্দ্রে যেতে হচ্ছে পরীক্ষার্থীদের।

আজ শনিবার (৬ নভেম্বর) সকালে তেজগাঁও কলেজ কেন্দ্রের বাইরে একাধিক পরীক্ষার্থী তাদের ভোগান্তির কথা জানান।

রাজধানীর মোহাম্মদপুর থেকে তেজগাঁও কলেজ পর্যন্ত স্বাভাবিক সময়ে রিকশা ভাড়া চল্লিশ টাকা ৷ তবে গত দুইদিন ধরে ধর্মঘটের কারণে গণপরিবহন চলাচল বন্ধ থাকায় বাড়তি ভাড়া গুনে পরীক্ষাকেন্দ্রে যেতে হচ্ছে শিক্ষার্থীদের ৷

সকালে বাড্ডা থেকে তেজগাঁও কলেজে পরীক্ষা দিতে আসা এক পরীক্ষার্থী বলেন, সকাল থেকে রাস্তায় দাঁড়িয়ে থেকে একটা গাড়িও পাইনি। বাধ্য হয়ে সিএনজি অটোরিকশায় করে আসতে হলো। দেড়শো টাকার ভাড়া নিয়েছে পাঁচশ টাকা ৷

গত বুধবার (৩ নভেম্বর) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। নতুন দাম ভোক্তা পর্যায়ে ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা করা হয়, যা কার্যকর হয় ওইদিন রাত ১২টা থেকে। এরপরই কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়া শুক্রবার সকাল থেকে সারাদেশে পরিবহন ধর্মঘট শুরু হয়।

এরইমধ্যে শুক্রবার (৫ নভেম্বর) থেকে শুরু হয়েছে সাত কলেজের ভর্তি পরীক্ষা ৷ ফলে পরিবহন ধর্মঘটের প্রথম দিন সকালেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভোগান্তির চিত্র দেখা গেছে। দ্বিতীয় দিনেও এ অবস্থার কোনো পরিবর্তন নেই। গণপরিবহন বন্ধ থাকায় বাধ্য হয়ে পরীক্ষার্থীদের গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আজ। সাত কলেজের সাতটি কেন্দ্রসহ মোট ১৪টি কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হবে। এ বছর সাত কলেজের বিজ্ঞান ইউনিটের মোট ছয় হাজার ৫০০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৪১ হাজার ৯৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.