নিউজ ডেস্ক।।
করোনা পরিস্থিতির কারণে আগামী বছরে স্কুলে ভর্তির আবেদন ফি কমানো হচ্ছে। সরকারি-বেসরকারি প্রতিটি স্কুলে ভর্তির আবেদন ফি ২২ টাকা করা হচ্ছে। তবে, ১১০ টাকায় একসঙ্গে পাঁচটি বিদ্যালয়ে আবেদন করতে হবে বলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে জানা গেছে। গত বছর প্রতিটি বেসরকারি স্কুলে ২০০ টাকা এবং সরকারি স্কুলে ১৭০ টাকা ভর্তি ফি ধার্য করা হয়েছিল।
গতকাল বুধবার (৩ নভেম্বর) ২০২২ সালের স্কুলে ভর্তির নীতিমালা চূড়ান্ত করতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেনের সভাপত্বিতে বৈঠক হয়েছে। বৈঠকে আগামী বছরে স্কুলে ভর্তি (প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত) লটারির মাধ্যমে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনলাইনে আবেদন করতে হবে। ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। টেলিটকের মাধ্যমে লটারি কার্যক্রম পরিচালনা করা হবে।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) এ বিষয়ে ঢাকা মহানগর স্কুল ভর্তি কমিটির সদস্য সচিব ও মাউশির উপ-পরিচালক (বিদ্যালয়) মো. আজিজ উদ্দিন জানিয়েছেন, করোনা পরিস্থিতির কারণে অনেকের আর্থিক সক্ষমতা কমে গেছে। সেটি বিবেচনা করে গত বছরের চেয়ে এবার আবেদন ফি কমানো হচ্ছে।
তিনি বলেন, ‘এবার লটারির মাধ্যমে সব ক্লাসে ভর্তি করানো হবে। অনলাইনে সব কার্যক্রম পরিচালনা করা হবে। আগামী রোববার বৈঠকের রেজুলেশন মাউশিতে পাঠানো হবে। এরপর ভর্তি কমিটি সভা করে আবেদন ফরম বিক্রি, জমা দেওয়া, লটারি আয়োজনের সময় নির্ধারণ করবে।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
