এইমাত্র পাওয়া

যেকারণে প্রধান শিক্ষক বরখাস্ত

নিউজ ডেস্ক।।

সহকারী শিক্ষিকাদের যৌন হয়রানির অভিযোগে মুন্সীগঞ্জ সদর উপজেলার চিতলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (৩ নভেম্বর) প্রাথমিক শিক্ষা ঢাকা বিভাগের বিভাগীয় উপ-পরিচালক মো. ইফতেখার হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে নূর মোহাম্মদকে সাময়িক বরখাস্ত করা হয়।

অফিস আদেশ সূত্রে জানা যায়, নিজের অধীনস্থ শিক্ষিকাদের যৌন হয়রানি ও অশোভনীয় আচরণ প্রদর্শনের অভিযোগে বিধি অনুযায়ী অভিযুক্ত হওয়ায় ৩ নভেম্বর থেকে নূর মোহাম্মদকে সাময়িক বরখাস্ত করা হয়। সাময়িক বরখাস্ত হওয়া অবস্থায় প্রধান শিক্ষককে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে সংযুক্ত করা হয়েছে। সেখানে তিনি প্রতিদিন আলাদা হাজিরা খাতায় স্বাক্ষর দেবেন। বরখাস্তকালে তিনি খোরাকিভাতা পাবেন। তবে, কোনো ছুটি পাবেন না।

এর আগে গত ১১ অক্টোবর এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষিকারা।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাসুদ ভূঁইয়া বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রধান শিক্ষককে বরখাস্ত করা হয়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান জানান, অভিযোগ আসার পর আমরা তদন্ত করি। অভিযোগের প্রমাণ সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.