নিউজ ডেস্ক।।
জিতলেই অনেকটা নিশ্চিত হয়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল— এমন সমীকরণের ম্যাচে ইংল্যান্ডকে অল্প রানের টার্গেট ছুড়ল অস্ট্রেলিয়া। বর্তমান আসরের অন্যতম ফেবারিট ইংলিশদের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠতে প্রয়োজন ১২০ বলে ১২৫ রান।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন ইংলিশ বোলারদের দুর্দান্ত বোলিংয়ে খোলশ ছেড়ে বের হতে পারেননি অস্ট্রেলিয়ান হার্ডহিটাররা। টস জিতে ফিল্ডিংয়ে এদিন দুর্দান্ত থাকেন ক্রিস ওকস-আদিল রশিদরা। শুরু থেকেই দুর্দান্ত লাইন-লেন্থ ও গতিতে তাদের কাছে বারবার পরাস্ত হয় অজি ব্যাটাররা।
গত ম্যাচে ফিফটি পাওয়া ডেভিড ওয়ার্নার এদিন আবারো হন ব্যর্থ। ২ বলে ১ রান করে বাটলারকে ক্যাচ দিয়ে ফেরেন এই অজি ওপেনার। জর্ডানে পরাস্ত হয়ে বেশি সময় থাকতে পারেননি স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিসরা।
নামের সুবিচার করতে পারেননি ম্যাথু ওয়েডও। অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৪৯ বলে করেন দলীয় সর্বোচ্চ ৪৪ রান। ধীর গতির ইনিংসে চারের মার ছিল ৪টি। ১১০ রানে সপ্তম উইকেট হিসেবে ফিঞ্চ ফিরলে দ্রুতই শেষ হয়ে যায় অজিদের ইনিংস।
বরাবরের মতো দুর্দান্ত ছিলেন স্পিনার আদিল রশিদ। ৪ ওভারে ১৯ রান দিয়ে তিনি শূন্য রানে ফেরান মার্কাস স্টয়নিসকে। তিনটি উইকেট নিয়েছেন পেসার ক্রিস জর্ডান। দুটি করে উইকেট পেয়েছেন ক্রিস ওকস ও টাইমাল মিলস।
ব্যাট হাতে অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন দলে স্পেশাল স্পিনার হিসেবে ফেরা অ্যাশটন অ্যাগার (২০)। ৬ বলে ১৩ রান করেন মিচেল স্টার্ক। ১৮ বলে ১৮ রান করেন উইকেটকিপার ব্যাটাসম্যান ম্যাথু ওয়েড।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত দারুণ শুরু পেয়েছে ইংলিশরা। ১.২ ওভারে কোনো উইকেট না হারিয়ে জেসন রয় (৫) ও জস বাটলার (৪) তুলে ফেলেছেন ৯ রান। জয়ের জন্য ইংলিশদের প্রয়োজন ১১৩ বল থেকে আরো ১১৭ রান
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
