এইমাত্র পাওয়া

বিসিএসসহ ১৩টি নিয়োগ পরীক্ষা আজ : কয়েক লাখ প্রার্থী বিপাকে

নিউজ ডেস্ক।।

আজ শুক্রবার একই দিনে বিসিএসসহ ১৩ প্রতিষ্ঠানের চাকরির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন চার লাখের বেশি। একই দিনে একাধিক প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষার সময় নির্ধারিত থাকায় বিপাকে পড়েছেন চাকরিপ্রার্থীরা।

আজ যে ১৩টি প্রতিষ্ঠান মন্ত্রণালয় ও সংস্থার নিয়োগ পরীক্ষার সূচি ঠিক হয়েছে তা হলো বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, জেলা প্রশাসকের কার্যালয় সাতক্ষীরা, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, শিক্ষা প্রকৌশল অধিদফতর, অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। আর জেলা প্রশাসকের কার্যালয়, সাতক্ষীরার কয়েকটি পদের লিখিত পরীক্ষা সাতক্ষীরায় হবে। বাকি সব প্রতিষ্ঠানের পরীক্ষা নেয়া হবে ঢাকায়। ৯টি প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা হবে সকালে, একটি প্রতিষ্ঠানের দুপুরে ও চারটি প্রতিষ্ঠানের পরীক্ষা অনুষ্ঠিত হবে বিকেলে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) একটি পদের ব্যবহারিক ছাড়া বাকি সবগুলো প্রতিষ্ঠানের লিখিত পরীক্ষা নেয়া হবে।

প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট থেকে পাওয়া সূচি অনুযায়ী, আজ শুক্রবার ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও জেলা প্রশাসকের কার্যালয়, সাতক্ষীরার বিভিন্ন পদের লিখিত পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হবে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের পরীক্ষা শুরু হবে বেলা সাড়ে ১১টায়। বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের দু’টি পদের মৌখিক পরীক্ষা শুরু হবে বেলা ২টা ৩০ মিনিটে। শিক্ষা প্রকৌশল অধিদফতর ও অর্থ মন্ত্রণালয়ের পরীক্ষা শুরু বেলা ৩টায় এবং ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বিভিন্ন পদের পরীক্ষা শুরু হবে বেলা সাড়ে ৩টা থেকে।

কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে সংক্ষুব্ধ অনেকেই জানান, চাকরিপ্রার্থীদের ভোগান্তিতে ফেলে একই দিনে সব পরীক্ষা নিয়ে নেয়া হচ্ছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সামান্যতম সমন্বয় থাকলে আমাদের এই ভোগান্তিতে পড়তে হতো না। পর্যাপ্ত প্রস্তুতি থাকা সত্ত্বেও একই সময়ে পরীক্ষা পড়ার কারণে অনেকেই ভালো ভালো চাকরির পরীক্ষায় বসতে পারছেন না। সরকারি কর্ম কমিশন পিএসসির জনসংযোগ দফতর থেকে জানানো হয়েছে, ৪৩তম বিসিএসে আবেদন জমা পড়েছে চার লাখ ৩৫ হাজার ১৯০টি। এখন পর্যন্ত সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছিল ৪১তম বিসিএসে। ওই বিসিএসে চার লাখ ৭৫ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছিলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.