উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার পদটিকে প্রথম শ্রেণিতে (৯ম গ্রেড) উন্নীত করার সুপারিশ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। উপজেলা পর্যায়ের অন্যান্য দফতরগুলোর বেশিরভাগের প্রধান পদটি প্রথম শ্রেণিভুক্ত হওয়ায় কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা শেষে এই সুপারিশ করা হয়।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। কমিটির সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, নাজমুল হাসান, মাহবুব আরা বেগম গিনি, আব্দুস সালাম মুর্শেদী, জুয়েল আরেং ও জাকিয়া তাবাসসুম এসময় উপস্থিত ছিলেন।
বৈঠকে জানানো হয়, সংসদীয় কমিটির সুপারিশের প্রেক্ষিতে একই কর্মস্থলে ৫ বছরের বেশি কর্মরত কর্মকর্তাদের বদলি শুরু করেছে যুব অধিদপ্তর। ইতিমধ্যে ৬২ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এছাড়া অন্যদেরও বদলি চলমান রয়েছে।
কমিটি সূত্র জানায়, বৈঠকে প্রথম প্রকল্পে অনুমোদিত উপজেলা পর্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়ামগুলোকে খেলার উপযোগী করার জন্য অসমাপ্ত কাজগুলো দ্রুত সময়ে সুষ্ঠুভাবে সম্পন্ন করার তাগিদ দেওয়া হয়। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে খেলাধুলাকে গতিশীল করার জন্য মেয়াদ উত্তীর্ণ প্রকল্পগুলো আবারও চালু এবং দেশের অব্যবহৃত ও তালাবদ্ধ স্টেডিয়ামগুলো দ্রুত খুলে দেওয়ার সুপারিশ করা হয়।
এছাড়াও বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চেয়ারম্যান ও কমিটির সদস্য নাজমুল হাসান বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনকে উন্নত মানের সাইকেল দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় সংসদীয় কমিটির পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানানো হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
