এইমাত্র পাওয়া

‘ডাটার ভিত্তিতে স্কুলশিক্ষার্থীদের টিকা দেওয়া হবে শিগগিরই’

অনলাইন ডেস্ক।।

স্কুল শিক্ষার্থীদের টিকা দিতে ইতোমধ্যে প্রতিষ্ঠানগুলোলে দুই ধাপে চিঠি দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। প্রথম দফায় ঢাকা মহানগরীর স্কুলগুলোর তথ্য আজ শেষদিন হিসেবে জমা নিচ্ছে মাউশি। এছাড়া সারাদেশের অন্যান্য স্কুলগুলোর শিক্ষার্থীদের তথ্য ২৭ অক্টোবরের মধ্যে দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

তথ্য নেওয়া স্বাপেক্ষে কবে নাগাদ টিকাদান কার্যক্রম শুরু করা যেতে পারে এমনটা জানতে চাইলে মাউশির পরিচালক (স্কুল) বেলাল হোসাইন মঙ্গলবার (১৮ অক্টোবর) রাইজিংবিডিকে বলেন, আমরা তথ্য নিচ্ছি। আজকে মহানগরীর সব প্রতিষ্ঠানগুলোর তথ্য আসবে। এরপর আসবে সারা দেশের অন্যান্য স্কুলগুলোর। ডাটার ভিত্তিতে আমরা টিকাদান কার্যক্রম শুরু করবো।

তিনি বলেন, আমরা ছক আকারে শিক্ষার্থীদের তথ্য চেয়েছি। সেগুলো আইসিটি বিভাগে দেওয়া হবে। তারা শিক্ষার্থীদের তথ্য অ্যাপসে সংযোজন করে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অবহিত করবে। সেটার তথ্যের ভিত্তিতে শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে।

ঠিক কবে নাগাদ টিকাদান শুরু করতে পারবেন এমনটা জানতে চাইলে তিনি বলেন, আশা করছি খুব শিগগিরই আমরা টিকাদান কার্যক্রম শুরু করতে পারবো। এক্ষেত্রে আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ স্বাস্থ্য মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি স্বাপেক্ষে আমরা পরবর্তী ব্যবস্থা নেব।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম আগে জানিয়েছেন, নিজ নিজ স্কুলের মাধ্যমেই শিক্ষার্থীদের এই টিকা কার্যক্রম পরিচালিত হবে। সক্ষমতা অনুযায়ী সারা দেশের জেলা ও সিটি করপোরেশন পর্যায়ে ২১টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এসব কেন্দ্রে স্কুল শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। স্কুল শিক্ষার্থীদের তালিকা সরবরাহ করবে শিক্ষা প্রতিষ্ঠান। আমরা সুরক্ষা প্ল্যাটফর্মে তাদের বিস্তারিত তথ্য দিয়ে দেবো।

এদিকে, গত ১৭ অক্টোবর ঢাকা মহানগর ছাড়া সারা দেশের মাধ্যমিক স্কুলে অধ্যয়নরত ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দিতে তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ২৭ অক্টোবরের মধ্যে শিক্ষার্থীদের তথ্য মাউশির ই-মেইলে পাঠাতে হবে।

টিকা দেওয়ার জন্য মাউশির আওতাধীন ঢাকা মহানগর ছাড়া সব প্রতিষ্ঠানে অধ্যয়নরত ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের তথ্য ছক আকারে আগামী ২৩ অক্টোবরের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার ই-মেইলে পাঠাতে হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ২৫ অক্টোবরের মধ্যে জেলা শিক্ষা কর্মকর্তা ই-মেইল পাঠাবেন। জেলা শিক্ষা কর্মকর্তা আগামী ২৭ অক্টোবরের মধ্যে মাউশির ই-মেইলে (addshesecondary2@gmail.com) পাঠাবেন।

এর আগে এক নির্দেশনায় ঢাকা মহানগরের শিক্ষার্থীদের তথ্য চায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। নির্ধারিত মেইলে পাঠাতে বলা হয়েছে আজ ১৯ অক্টোবরের মধ্যে তাদের তথ্য মাউশির ইমেইলে (student.vaccination2021@gmail.com) পাঠাতে বলা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.