এইমাত্র পাওয়া

বাংলাদেশের জন্য সুপার টুয়েলভ অনিশ্চিত

স্পোর্টস ডেস্ক।।

গ্রুপ পর্বের উদ্বোধনী দিনে স্কটল্যান্ডের বিপক্ষে হেরে হাসি মুছে গেছে মাহমুদউল্লাহর মুখ থেকে। বাংলাদেশ অধিনায়কের মাথায় এখন একটাই চিন্তা— পরের দুই ম্যাচ জয়।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘বি’ গ্রুপে টাইগারদের অন্য দুই প্রতিপক্ষ— ওমান ও পাপুয়া নিউগিনি। এই দুই ম্যাচের যেকোনো একটিতে পা ফসকালেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে মাহমুদউল্লাহদের। এমনকি বাকি দুই ম্যাচ জিতলেই ঘরে ফিরে আসার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের।

আগামী মঙ্গলবার স্বাগতিক ওমানের মুখোমুখি হবে টাইগাররা। বৃহস্পতিবার খেলবে পিএনজির বিপক্ষে। ধরা যাক, এই দুই ম্যাচ জিতল বাংলাদেশ। তখন টাইগারদের পয়েন্ট হবে ৪। অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে হেরে যদি স্কটিশদের বিপক্ষে জেতে ওমান, তখন তাদের হবে সমান পয়েন্ট।

আর স্কটল্যান্ড পিনজির বিপক্ষে জিতলে তাদেরও হবে ৪ পয়েন্ট। তখন এই তিন দলের নেট রান রেট আসবে হিসেবে। আর সেখানেই বাঁধতে পারে যত বিপত্তি। কারণ ইতিমধ্যে নেট রানে বেশ এগিয়ে ওমান ও স্কটল্যান্ড।

এক ম্যাচ করে খেলে ২ পয়েন্ট নিয়ে প্রথম ও দ্বিতীয় স্থানে এই দুই দল। +৩.১৩৫ নেট রান রেট নিয়ে এগিয়ে ওমান। স্কটল্যান্ডের যেখানে +০.৩০০। তৃতীয় স্থানে থাকা বাংলাদেশের নেট রান রেট -৩.০০। পিনজির -৩.১৩৫।

উদ্বোধনী ম্যাচে পাপুয়া নিউগিনিকে ১০ উইকেটে হারিয়েছে ওমান। আর তাও ৩৮ বল হাতে রেখে। তাতেই নেট রান রেটে বেশ এগিয়ে গেছে স্বাগতিকেরা। অন্যদিকে, স্কটল্যান্ড ৬ রানের জয় পেয়েছে বাংলাদেশের বিপক্ষে।

পিএনজিকে বাইরে রাখলে, সুপার টুয়েলভে যাওয়ার সুযোগ থাকছে বাকি তিন দলের। সেক্ষেত্রে স্কটল্যান্ড যদি তিন ম্যাচের তিনটিতেই জেতে তবে বাংলাদেশ বাকি দুই ম্যাচ জিতলেই চলবে। যার কারণে পরোক্ষভাবে স্কটিশদের ওপরেই নির্ভর করতে হচ্ছে বাংলাদেশকে। আর ওমান যদি টাইগারদের হারিয়েই দেয় তবে সমীকরণের আর কোনো দরকার নেই।

কিন্তু বাংলাদেশ যদি পরের দুই ম্যাচ জেতে আর ওমান হারায় স্কটল্যান্ডকে এবং স্কটিশরা যদি পিএনজিকে হারায় তবে তিন দলের পয়েন্ট হবে সমান ৪। সেখানে নেট রান রেটে এগিয়ে থাকা দুই দলই জায়গা করে নেবে সুপার টুয়েলভে। সেই জায়গায় ‍ওমান-স্কটল্যান্ড বেশ এগিয়ে বাংলাদেশের বিপক্ষে। যার কারণে স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে বড় ব্যবধানে পরের দুই ম্যাচ জিততে হবে টাইগারদের।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.