নিউজ ডেস্ক।।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের জন্য মঙ্গলবার আবাসিক হল খোলা হলেও ১০ অক্টোবর থেকে অন্যান্য বর্ষের (প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষ) শিক্ষার্থীদের জন্যও হলগুলো খুলে দেয়া হবে। ১৬ অক্টোবর থেকে সব বিভাগ-ইনস্টিটিউটের সব বর্ষের শ্রেণি কার্যক্রম (ক্লাস-পরীক্ষা) শুরু হবে৷
মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত হয়। মঙ্গলবার সকাল আটটা থেকে অন্তত এক ডোজ টিকা নেয়ার প্রমাণপত্র ও বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র থাকা সাপেক্ষে শুধু স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেয়া হয়েছে।
প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) এ এস এম মাকসুদ কামাল বলেন, ‘প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি সিদ্ধান্ত নিয়েছে, অন্তত এক ডোজ টিকা নেয়ার প্রমাণপত্র থাকা সাপেক্ষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের আবাসিক শিক্ষার্থীদের ১০ অক্টোবর থেকে হলে তোলা হবে৷ ১৬ অক্টোবর থেকে সব বিভাগ-ইনস্টিটিউটের সব বর্ষের শ্রেণি কার্যক্রম (ক্লাস-পরীক্ষা) শুরু হবে।
সেশনজট অবসানের জন্য পাঁচ দিনের পরিবর্তে এখন থেকে ছয় দিন কার্যদিবস থাকবে। শুধু শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকবে। এ ছাড়া প্রতিদিনই শ্রেণি কার্যক্রম চলবে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সদস্যসচিব এ কে এম গোলাম রব্বানী জানালেন, ১০ অক্টোবর সকাল আটটা থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের আবাসিক শিক্ষার্থীদের জন্য হলগুলো খুলে দেয়া হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
