নিউজ ডেস্ক।।
নারায়ণগঞ্জে মহামারি করোনার টিকা না নেয়ায় ৩১২ জন শিক্ষকের ক্লাসে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে জেলা শিক্ষা অফিস। এদের মধ্যে মাধ্যমিক পর্যায়ে রয়েছেন ২১২ জন এবং প্রাথমিকের আছেন ১০০ জন।
তবে, এই ৩১২ জন শিক্ষকের অনেকেই স্কুলে যাচ্ছেন এবং ক্লাস নিচ্ছেন বলে জানা গেছে।
এদিকে শিক্ষকদের টিকা নেয়া বাকি থাকায় অভিভাবকদের কেউ কেউ সন্তানদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন। কারণ কোনো শিক্ষার্থীকে এখনো টিকা দেয়া হয়নি।
যদিও জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, সুরক্ষা সামগ্রী ব্যবহার করে ক্লাসে গেলে শিক্ষার্থীদের জন্য ঝুঁকি কম থাকবে।
জেলা শিক্ষা অফিস ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে পাওয়া তথ্যানুযায়ী, জেলায় মোট শিক্ষক রয়েছেন ১১ হাজার। এরমধ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক চার হাজার এবং মাধ্যমিক বিদ্যালয়ে সাত হাজার জন।
সংশ্লিষ্ট দপ্তরের তথ্যানুযায়ী, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে গত ৭ সেপ্টেম্বর পর্যন্ত টিকা গ্রহণের জন্যে রেজিস্ট্রেশন করেছেন তিন হাজার ৯০০ জন। আর রেজিস্ট্রেশন করেননি ১০৩ জন। রেজিস্ট্রেশন করা শিক্ষকদের মধ্যে টিকা গ্রহণ করেছেন ৩ হাজার ৯০০ জন।
মাধ্যমিক পর্যায়ে জেলায় শিক্ষক রয়েছেন সাত হাজার। এদের মধ্যে ছয় হাজার ৭৮৮ জন টিকা গ্রহণ করেছেন বলে জানিয়েছেন জেলা শিক্ষা অফিসার মো. শরিফুল ইসলাম।
তার দেয়া তথ্যানুযায়ী, জেলায় এখনো পর্যন্ত মাধ্যমিক পর্যায়ের ২১২ জন শিক্ষক টিকা গ্রহণ করেননি।
এ ব্যাপারে জেলা শিক্ষা অফিসার শরিফুল ইসলাম বলেন, যেসব শিক্ষক এখনো টিকা নেননি তাদের শ্রেণিকক্ষে যেতে নিষেধ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে অফিস কক্ষে থাকবেন তারা।
অপরদিকে প্রাথমিক পর্যায়ের শিক্ষকদের বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহিন্দ্র কুমার মণ্ডল বলেন, আমাদের শিক্ষকদের একেবারেই অল্প সংখ্যকের টিকা বাকি। আশাকরি শীঘ্রই তা পূরণ হবে।
এই বিষয়ে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ বলেন, যেসব শিক্ষক রেজিস্ট্রেশন করেছেন তারা আসলে টিকা দেয়ার ব্যবস্থা করা হবে। টিকা না নেয়ার পরও শিক্ষকরা যদি স্বাস্থ্যবিধি কড়াকড়িভাবে পালন করেন তাহলে শিক্ষার্থীরা বড় ধরনের কোনো ঝুঁকির মধ্যে পড়বে না।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
