নিউজ ডেস্ক।।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত স্নাতক চতুর্থ বর্ষ এবং স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীদের জন্য আগামী ২৬ সেপ্টেম্বর গ্রন্থাগার এবং ৫ অক্টোবর আবাসিক হল খুলে দেওয়া হবে। যারা করোনার টিকার অন্তত এক ডোজ নিয়েছেন, তারা স্বাস্থ্যবিধি মেনে টিকা কার্ড বা সনদ এবং বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেখিয়ে হলে উঠতে এবং গ্রন্থাগার ব্যবহার করতে পারবেন।
শনিবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সিন্ডিকেটের জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি ও একাডেমিক কাউন্সিলের সুপারিশ অনুযায়ী এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সংশ্লিষ্ট শিক্ষার্থীরা ২৬ সেপ্টেম্বর থেকে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কেন্দ্রীয় গ্রন্থাগার, বিজ্ঞান গ্রন্থাগার ও বিভাগীয়/ইনস্টিটিউটের সেমিনার লাইব্রেরিগুলো ব্যবহার করতে পারবেন। সংশ্লিষ্ট আবাসিক শিক্ষার্থীরা ৫ অক্টোবর সকাল ৮টা থেকে হলে উঠতে পারবেন। শিক্ষার্থীদের সেবা প্রদানকারী কর্মকর্তা-কর্মচারীদেরও টিকা সনদ/প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে।
সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হল ও একাডেমিক ভবনের দৃশ্যমান জায়গায় স্বাস্থ্যবিধি অনুসরণের নির্দেশিকা সম্বলিত ব্যানার/ফেস্টুন থাকবে।
টিকা গ্রহণ সাপেক্ষে পর্যায়ক্রমে স্নাতক প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য আবাসিক হল খুলে দেওয়া হবে। আবাসিক হলগুলোতে আগের মতো ঠাসাঠাসি করে বসবাস এবং কোনো ‘গণরুম’ রাখা যাবে না। স্বাস্থ্যবিধি মেনে শুধু নিয়মিত আবাসিক শিক্ষার্থীরা হলে অবস্থান করবেন।
সভায় হল ও ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সক্রিয় ছাত্র সংগঠনসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রত্যাশা করা হয়।
বিশ্ববিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী টিকা কার্যক্রমের আওতায় আসার পর সশরীরে শ্রেণি কার্যক্রমের তারিখ নির্ধারণ করা হবে। বিশ্ববিদ্যালয়ের শহিদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিক্যাল সেন্টারে টিকা কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। যেসব শিক্ষার্থী এখনও টিকা নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেননি, তাদের জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ দিয়ে আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন করে টিকা নিতে বলা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
