এনটিআরসিএ’র বিশেষ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক।।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ) ৬৮৮টি পদে নিয়োগের ফল প্রকাশিত হয়েছে।

বৃহস্পতিবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান মো. এনামুল কাদের খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এবারে ৪৬৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১৬টি প্রতিষ্ঠানের ২৬টি পদ বাদ দেয়ার জন্য সেসিপের অনুরোধের প্রেক্ষিতে ৪৫২টি প্রতিষ্ঠানের ৬৬২টি পদের আবেদন বিবেচনা করা হয়। মোট আবেদন পাওয়া যায় ১৫১৯৮টি। ১০টি ট্রেডের মধ্যে প্লাম্বিং নামের ১টি ট্রেডে কোনো আবেদন পাওয়া যায়নি।

এনটিআরসিএ চেয়ারম্যান বলেন, এবারে মোট ৬৬২টি পদের মধ্যে ৩৭১টি প্রতিষ্ঠানের ৪৭১টি পদে ১জন করে প্রার্থীকে টেলিটকের স্বয়ংক্রিয় সফটওয়্যার পদ্ধতিতে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। ১৯১টি পদে প্রার্থী পাওয়া যায়নি। নির্বাচিত প্রার্থী ও প্রতিষ্ঠান প্রধানকে এসএমএস প্রেরণ করা হয়েছে। পুলিশ ভেরিফিকেশনের পর নিয়োগ সুপারিশ প্রদান করা হবে।

এর আগে, গত ৫ আগস্ট ট্রেড ইনস্ট্রাক্টর পদে ৬৮৮ জনকে নিয়োগ দিতে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। ৬৮৮টি পদের বিপরীতে ১৫ হাজার ১৯৮ জন আবেদন করেছেন। গত ৩১ আগস্ট আবেদনের সময়সীমা শেষ হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.