বেরোবির সাবেক উপাচার্য কলিমউল্লাহ মোবাইল ফোন ফেরত দিলেন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বিশ্ববিদ্যালয়ের টাকায় কেনা এক লাখ ২৯ হাজার ৬১০ টাকা দামের মোবাইল ফোনটি ফেরত দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভাণ্ডারের কর্মকর্তা মোরশেদুল আলম রনি মোবাইল ফেরতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাবেক উপাচার্য বিশ্ববিদ্যালয়ের অর্থে কেনা মোবাইলটি ফেরত দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভাণ্ডার বিভাগ থেকে বেশ কয়েকবার মৌখিকভাবে যোগাযোগ করার পর বাহকের মাধ্যমে তিনি মোবাইলটি ফেরত দেন।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিভাগ ও কেন্দ্রীয় ভাণ্ডার সূত্রে জানা গেছে, অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ ভিসি হিসেবে যোগদান করার পর সর্বাধুনিক একটি মোবাইল কেনার চাহিদাপত্র দেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন এক লাখ ২৯ হাজার ৬১০ টাকা দিয়ে তাকে একটি মোবাইল কিনে দেয়।

তিনি ভিসি থাকাকালে এটি ব্যবহার করেছেন। কিন্তু চলতি বছরের ১৩ জুন তার ভিসি পদে মেয়াদ শেষ হয়ে যায়। তাকে নতুন করে নিয়োগ দেওয়া হয়নি। ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. হাসিবুর রশীদকে। কিন্তু দায়িত্ব হস্তান্তর করতে ক্যাম্পাসে আসেননি সাবেক ভিসি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.