নিউজ ডেস্ক।।
প্রাণে মেরে ফেলার হুমকির কারণে স্কুলে প্রবেশ করতে পারছেন না পিরোজপুরের মঠবাড়িয়ার কেএম লতীফ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান।
এ ঘটনায় মো. মোস্তাফিজুর রহমান রোববার বিকালে স্থানীয় উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন।
সেখানে তিনি বলেন, আমি বিদ্যালয়ে ২০১৭ সালে যোগদানের পর থেকে সহকারী প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান আমাকে মেনে নিতে পারেননি। তাই বিভিন্ন সময় অসহযোগিতা ও সহকর্মীদের সঙ্গে দূরত্ব সৃষ্টিতে মুখ্য ভূমিকা পালন করে আসছেন। এছাড়া আমি যেন অফিসে প্রবেশ করতে না পারি সেজন্য আমার অফিসে তক্তা মেরে আটকে রেখেছেন। অপরদিকে পলিথিন ব্যাগে ময়লা ভরে বাসার দরজায় নিক্ষেপ করে। তাছাড়া আমার ব্যক্তিগত মোবাইল ফোনে জীবননাশের হুমকি প্রদান করে। বিষয়টি আমি মঠবাড়িয়া থানাকে লিখিতভাবে অবহিত করেছি।
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, সহকারী প্রধান শিক্ষকের অব্যাহত হুমকির কারণে পরিবার-পরিজন নিয়ে বিদ্যালয়ের কোয়ার্টার ছেড়ে গত মার্চ মাস থেকে বাগেরহাটে একটি ভাড়া বাসায় বসবাস করছি।
এ ব্যাপারে সহকারী প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, যোগদানের পর থেকে তিনিই আমাদের সবার সঙ্গে খারাপ আচারণ করে আসছেন।
মঠবাড়িয়া থানার (ওসি) মুহা. নূরুল ইসলাম বাদল জানান, প্রধান শিক্ষকের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
