বেতন নিয়ে অভিভাবকদের চাপ দেওয়া যাবে না

নিউজ ডেস্ক।।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার্থীদের বেতন নিয়ে অভিভাবকদের যেন চাপ দেওয়া না হয়। করোনার এই সময়ে অনেকের অবস্থার পরিবর্তন হয়েছে। রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে পরিদর্শনে গিয়ে গতকাল এসব কথা বলেন তিনি। অভিভাবকদের উদ্দেশে মন্ত্রী বলেন, আপনারা অন্যান্য খরচ কমিয়ে সন্তানদের বেতন আগে পরিশোধ করতে পারেন। বেতনের টাকা কিন্তু খুব বেশি নয়।

অভিভাবকদের সন্তানদের স্কুলে দিয়ে গেটের সামনে ভিড় না করার অনুরোধ জানান এবং স্বাস্থ্যবিধি মানার বিষয়ে অভিভাবকদের সামাজিক তদারকি করার আহ্বান জানান মন্ত্রী।

দীপু মনি বলেন, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ স্বাস্থ্যবিধি মানায় অবহেলা করা হলে, তার কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একইভাবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অধিদফতরের যারা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান তদারকির দায়িত্বে থাকবেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। করোনা পরিস্থিতি ও ডেঙ্গুর প্রকোপ থেকে শিক্ষার্থীদের সুরক্ষায় কোনো ব্যত্যয় বা অনিয়ম পেলে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। করোনার সংক্রমণ কমায় আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়েছি।

এখন শুধু করোনা না, ডেঙ্গুরও সিজন চলছে। ডেঙ্গুর বাহক এডিস মশা কামড়ের সময়ই শিক্ষার্থীরা ক্লাসে থাকে। তাই তাদের ফুলহাতা জামা পরে আসার জন্য বলব। এই সময়টাতে শিক্ষার্থীদের স্কুল ইউনিফর্ম নিয়ে কড়াকড়ি না করাই ভালো। দীর্ঘ সময়ের বন্ধে অনেক শিক্ষার্থী ইউনিফর্ম থেকে বড় হয়ে গেছে। বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে সিদ্ধান্ত নেবে একাডেমিক কাউন্সিল।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, পরিস্থিতি যদি অনুকূল হয়, তাহলে অষ্টম শ্রেণির জেএসসি-জেডিসি পরীক্ষা হতে পারে। করোনার কারণে কী কী ঘাটতি হয়েছে বা কতটুকু হয়েছে, সেটা মূল্যায়ন করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.