খুলনা মেডিকেল কলেজে ক্লাস শুরু ১৩ সেপ্টেম্বর

মোঃ মোজা‌হিদুর রহমান।।

খুলনা মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম, দ্বিতীয় ও পঞ্চম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হচ্ছে আগামী ১৩ সেপ্টেম্বর। এর আগে ১২ সেপ্টেম্বর সকাল ১০টায় প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের ছাত্রাবাস/ছাত্রীনিবাসের বরাদ্দকৃত রুমে প্রবেশ করতে বলা হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) খুমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুল আহাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ১৩ সেপ্টেম্বর থেকে প্রথম, দ্বিতীয় ও পঞ্চম বর্ষ এই তিনটি ব্যাচের নিয়মিত ক্লাস শুরু হবে।

তবে তৃতীয় ও চতুর্থ বর্ষের ক্লাস চালু এখনই হচ্ছে না। পরবর্তীতে নির্দেশনা আসলে সেই মোতাবেক চালু করা হবে। আর প্রথম পর্যায়ে ক্লাসের সংখ্যা আনুপাতিক হারে কমিয়ে নেওয়ার নির্দেশনা রয়েছে বলে জানান তিনি।

তিনি জানান, প্রায় দেড় বছর পর খুলনা মেডিকেল কলেজের শিক্ষর্থীদের ক্লাস শুরু হচ্ছে। কলেজের তিনটি বর্ষে মোট ৪৮০ জন শিক্ষার্থী রয়েছেন। প্রথম বর্ষে ১৮০ জন, দ্বিতীয় বর্ষে ১৬০ জন ও পঞ্চম বর্ষে ১৪০ জন। শিক্ষর্থীদের আবাসনে কিছুটা স্বল্পতা থাকলেও তাদের জায়গা করে দেওয়ার জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

এদিকে খুলনা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ছাত্রাবাস/ছাত্রীনিবাসে প্রবেশ ও ক্লাস চালুর বিষয়ে এক বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। অধ্যক্ষ ডা. আব্দুল আহাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৩ সেপ্টেম্বর থেকে এমবিবিএস প্রথম, দ্বিতীয় ও পঞ্চম বর্ষের অফলাইন ক্লাস নিয়মিত শুরু হবে।

আগামী ১২ সেপ্টেম্বর সকাল ১০টায় প্রথম বর্ষ ছাত্র-ছাত্রীদের বরাদ্দ রুমে প্রবেশ করা যাবে এবং ১৩ সেপ্টেম্বর ক্লাসে যোগদান করতে হবে। প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদেরকে কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। একইসঙ্গে বাধ্যতামূলক মাস্ক পরিধান করতে হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.