নিজস্ব প্রতিবেদক।।
রাজনীতিবিদ, আমলা যতই বড় হোক না কেন, সৎ না হলে তারা জাতির জন্য অভিশাপ ও বোঝাস্বরূপ বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, সততা সবচেয়ে বড় শক্তি। রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা যতোই বড় হোক, শীর্ষস্থানে থাকুক- সততা না থাকলে তারা জাতির জন্য কল্যাণকর নয়।
আজ বুধবার রাজধানীর লালবাগে নবাবগঞ্জ সাত শহীদ কমিউনিটি সেন্টারে করোনাকালে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) ও নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (এনডব্লিউপিজিসিএল) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
মন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা পৃথিবীতে সবচেয়ে সৎ, সক্ষম ও সফল একজন নেতা। এ জাতির সবচেয়ে বড় পাওয়া যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সততায় বিশ্বে শীর্ষস্থানে রয়েছেন। ১৭ কোটি মানুষের জন্য, বাংলাদেশের জন্য এটি আশীর্বাদস্বরূপ। তাঁর নেতৃত্বেই বাংলাদেশ সমৃদ্ধশালী উন্নত দেশে পরিণত হবে।
২০২৩ সালের নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, আপনারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করুন। দেশের জনগণ আপনাদেরকে ভোটে বিজয়ী করলে আমরা আপনাদেরকে স্বাগত জানাব। কিন্তু আন্দোলন-সংগ্রামের নামে সন্ত্রাস-নৈরাজ্যমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বর্তমান আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো যাবে না, সে শক্তি বিএনপির নেই।
অনুষ্ঠানে আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মোল্লা মো. আবুল হোসেনের সভাপত্বিতে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও আইইবির প্রাক্তন প্রেসিডেন্ট প্রকৌশলী আবদুস সবুর, নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী খোরশেদুল আলম, আইইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী শাহাদাৎ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির প্রমুখ বক্তব্য রাখেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
